চট্টগ্রাম শহরের অন্যতম প্রাচীন স্থাপনা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) সামনে গতকাল দুপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতেই বিসিবি ও পর্যটন করপোরেশনের এ উদ্যোগ। ব্যতিক্রমী এ আয়োজনের পর সোমবার মাঠের লড়াই শুরু। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
ট্রফি উন্মোচন শেষে আজ দুপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার ভাবায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজকে কাজে লাগাতে চান তারা। তিনি চান, এ দুটি সিরিজই যেন তাদের জন্য কঠিন চ্যালেঞ্জের হয়।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সোমবার প্রথম টি-টোয়েন্টি। সাগরিকায় ২৯ ও ৩১ অক্টোবর পরের দুটি ম্যাচ। ঠিক এক মাস পর চট্টগ্রামে প্রথম ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে অবশ্য সিলেট ও ঢাকায় আইরিশদের সঙ্গে দুটি টেস্ট খেলবে টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে এই ছয়টি টি-টোয়েন্টির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন লিটন।

ট্রফি নিয়ে শাই হোপ ও লিটন দাসের ফটোসেশন। ছবি: বিসিবি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘সত্যি কথা বলতে, আমি চাই দুইটা সিরিজে আমাদের খেলোয়াড়রা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব, এর অর্থ চ্যালেঞ্জের কথা বলছি। এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’










