চল্লিশ পেরিয়ে একচল্লিশে পা দিয়েছেন গত ফেব্রুয়ারিতে। এই বয়সে বুটজোড়া তুলে রাখেন বেশিরভাগ ফুটবলার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন অন্য ধাঁচে গড়া। তিনি এই বয়সে খেলে যাচ্ছে দাপটে এবং গড়ছেন নিত্য নতুন রেকর্ড। এই যেমন, শনিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়ার মাঠে পর্তুগালের ৫-০ গোলের জয়ে তিনি করেছেন জোড়া গোল। এর মধ্য দিয়ে বাছাইপর্বে লিওনেল মেসিকে (৩৬) টপকে গেছেন তিনি (৩৮)।

শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে হোম ম্যাচে জোড়া গোল করেন মেসি। এতে বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ও রোনালদোর গোল দাঁড়ায় সমান ৩৬টি। গতকাল মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোল এখন ৩৮টি। ৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে রোনালদোকে করতে হবে আরো দুই গোল, এক গোল করলে রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা কার্লোস রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল। রুইজের রেকর্ডটি হুমকিতে আছে। কারণ, বাছাইপর্বে রোনালদোরা আরো পাঁচ ম্যাচ খেলবেন। বরং একের পর এক রেকর্ড ভাঙা এ ফরওয়ার্ড কোথায় গিয়ে থাকেন, সেটাই এখন দেখার বিষয়।

এছাড়া রোনালদো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (২২৩) ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১৪২) রেকর্ডের অধিকারী। এছাড়া ক্লাব ফুটবলেও তার রয়েছে অসংখ্য রেকর্ড। মেসি ১৯৪ ম্যাচে করেছেন ১১৪ গোল।

AP25249636994157

শনিবার আর্মেনিয়ার বিপক্ষে রোনালদোর পাশাপাশি হোয়াও ফেলিক্স করেছেন জোড়া গোল। ফেলিক্স এখন ইউরোপ ছেড়ে খেলেন রোনালদোর ক্লাব আল-নাসেরে। অর্থ্যাৎ, আল-নাসেরের খেলোয়াড়রাই করলেন চার গোল। আরেকটি গোল করেছেন আল-হিলালের খেলোয়াড় হোয়াও ক্যানসেলো। সৌদি আরবের লিগে খেলা তিন খেলোয়াড়ই পর্তুগালের পাঁচ গোল করেছেন!

বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার রাতে ইংল্যান্ড ২-০ গোলে অ্যান্ডোরাকে, সার্বিয়া ১-০ গোলে লাটভিয়াকে, বসনিয়া ৬-০ গোলে স্যান ম্যারিনোকে, অস্ট্রিয়া ১-০ গোলে সাইপ্রাসকে হারায়। আজ রোববার রাতে জার্মানি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে, স্পেন খেলবে তুরস্কের সঙ্গে, লিথুয়ানিয়ার মাঠে খেলবে নেদারল্যান্ডস, পোল্যান্ডের প্রতিপক্ষ ফিনল্যান্ড।