বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। আজ বৃহস্পতিবার নাভি মুম্বাইতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। রোববার ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ফোবে লিচফিল্ডের সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন তিনে ব্যাটিং করা জেমিমা রদ্রিগেজ। ১৩৪ বলে ১৪ বাউন্ডারিতে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলে তিনি ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া অধিনায়ক হারমানপ্রিত কাউর করেন ৮৮ বলে ৮৯ রান।

এর আগে লিচফিল্ড (৯৩ বলে ১১৯), এলিস পেরি (৮৮ বলে ৭৭) ও অ্যাশলে গার্ডনারের (৪৫ বলে ৬৩) ব্যাটে ভর করে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার এই বিশাল রান টপকে জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখায় ভারত। এটা ভারতের তৃতীয় ফাইনাল।

AP25303423993138

ফোবে লিচফিল্ড

বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে প্রায় একাই হারিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট। ১৪৩ বলে ১৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি দক্ষিণ আফ্রিকাকে এনে দেন ৭ উইকেটে ৩১৯ রানের পুঁজি। জবাব দিতে নেমে ১৯৪ রানে গুটিয়ে যায় চারবারের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত এর আগে ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেলে হেরেছে। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে উঠে যাওয়ায় ইতিহাস হচ্ছে। নারী ওয়ানডে এবার দেখবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।