প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ২৯৯ রান। যদিও পারেনি লরা উলভার্টের দল। তারা ২৪৬ রানে গুটিয়ে যায়। ৫২ রানের জয়ে ওয়ানডে ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত।

আজ রোববার নাভি মুম্বাইয়ে ফাইনালে স্বাগতিক ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়া নারীরা ৫ উইকেট হারালেও অধিনায়ক উলভার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯তম ওভারে ২০০ রান পেরিয়ে যায়। উলভার্ট ৯৮ বলে ১০১ রান করে দলীয় ২২০ রানের সময় আউট হয়ে যান। এরপর দ্রুতই বাকি ৩ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

এর আগে স্বাগতিকরা দারুণ সূচনার পর বোর্ডে একশ রান তুলে ওপেনার স্মৃতি মান্ধানাকে হারায়। ৫৮ বলে ৪৫ রান করেন বামহাতি ব্যাটার। দলের রান দেড়শ কাটানোর পর শেফালি ভার্মা (৮৭) ও জেমিমা রদ্রিগেজকেও (২৪) হারায় ভারত। এরপর অধিনায়ক হারমানপ্রিত কাউর (২৯ বলে ২০), দীপ্তি শর্মা (৫৮ বলে ৫৮) ও রিচা ঘোষের (২৪ বলে ৩৪) ব্যাটে ভর করে তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ গড়ে।

প্রতীকা রাওয়ালের চোটে আসরের শেষ দিকে ডাক পড়ে শেফালি ভার্মার। সুযোগ পেয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রান করলেও তার ওপর আস্থা রাখে দল। আজ ৭৮ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলে সেই আস্থার প্রতিদান দিলেন ২১ বছর বয়সী ভার্মা। ইনিংস সাজিয়েছেন সাত বাউন্ডারি ও দুই ছক্কায়। স্মৃতি মান্ধানাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০৬ বলে ১০৪ ও দ্বিতীয় উইকেটে জেমিমাকে নিয়ে ৬২ বলে ৬২ রান যোগ করেন তিনি।

৩১ ম্যাচের ক্যারিয়ারে ৮৭ রানই সর্বোচ্চ ইনিংস ছিল শেফালির। আগের সর্বোচ্চ ইনিংস ৭১ রানের। ওয়ানডেতে আজ করেছেন নিজের পঞ্চম ফিফটি।

শেফালির আউটের পর ভারতকে টানেন হারমানপ্রিত, দীপ্তি ও রিচা। কাউরকে নিয়ে ৫৬ বলে ৫২ ও রিচাকে নিয়ে ৩৫ বলে ৪৭ রানের জুটি গড়েন দীপ্তি।

৫৮ বলে ৫৮ রান করার পর বল হাতে ৩৯ রানে ৫ উইকটে নেন টুর্নামেন্টসেরা দীপ্তি শর্মা। আর ৮৭ রানের ইনিংস খেলার পর ৩৬ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা শেফালি ভার্মা।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ওয়ানডে মুকুট পেল ভারত। অস্ট্রেলিয়া সাতবার, ইংল্যান্ড চারবার এবং নিউজিল্যান্ড ও ভারত একবার করে বিশ্বকাপ জিতল।