বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে জুটি বেঁধেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা বিশ্বের সামনে তুলে ধরে থাকে বিসিবি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ রোববার সিলেটের ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে আর ব্রিটিশ আমলে নির্মিত কিন ব্রিজের পাশে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অধিনায়ক।
টেস্টে নবীনতম দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচদিনের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিলেটে মঙ্গলবার শুরু হচ্ছে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ১৯ নভেম্বর। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে দুটি দেশ।










