ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেল বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫২ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। এই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে পারেননি স্বাগতিক দলের বোলাররা।

এদিন সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৯ রানে আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে শেষ দিকে লণ্ডভণ্ড বাংলাদেশ ৯ উইকেটে ১৫১ রান তুলতে সমর্থ হয়।

অথচ ১৪.৪ ওভারশেষে ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। এরপর দ্রুতই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তাতে রানের গতিতেও ছেদ পড়ে। বাংলাদেশ থেমে যায় দেড়শতে। তানজিদ ও সাইফ হাসান (২৩) ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

দলীয় ২২ রানে পারভেজ হোসেন ইমন ও ৪৪ রানে লিটন দাসকে হারানোর পর দলকে টানেন তানজিদ ও সাইফ। এ দুজন ৪২ বলে ৬৩ রান করেন। আগের ম্যাচে ৬১ রান করা তানজিদ ৬২ বলে ৮৯ রান করেন ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কায়। যদিও নিজের প্রথম ও বাংলাদেশের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে তিন অঙ্ক ছুঁয়ে দেখা হয়নি তার।

শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। স্বাগতিকরা পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করতে সমর্থ হয়। এরপর তানজিদের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। ৩৬ বলে ফিফটি করেন তানজিদ। এরপর সেঞ্চুরির পথে ছুটছিলেন। যদিও চাপের মুখে ১১ রান দূরে থাকতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। তাকে ও শরিফুল ইসলামকে টানা আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শেফার্ড।