দুবাইয়ে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তুলতে পেরেছে সালমান আগার দল। জবাবে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। ৩৯ বলে ৭৪ রান করেন অভিষেক শর্মা।
এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সূর্যকুমার যাদব। দুবাইয়ে গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচের মতো এদিনও পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি কিংবা কথাও বলেননি ভারতীয় অধিনায়ক। ওই ম্যাচেও আগে বোলিং করে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছিল ভারত।
এ ম্যাচে ওপেনার শাহিবজাদা ফারহানের ফিফটিতে ভালো সংগ্রহ পায় পাকিস্তান। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন। এছাড়া সাইম আইয়ুব ১৭ বলে ২১, মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১, ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করেন। ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে।
ম্যাচে দারুণ এক ফিফটি করা ফারহান জীবন পান ম্যাচের তৃতীয় বলেই। হার্দিক পান্ডিয়ার বলে থার্ড ম্যানে ফারহানের ক্যাচ ফেলেছেন অভিষেক শর্মা। জীবন পেয়ে তিনি দারুণ ব্যাটিং করেন। সাইম আইয়ুবকে নিয়ে ৪৯ বলে ৭২ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিতটা তিনিই গড়ে দেন।
দুর্দান্ত সূচনা করেছিলেন পাকিস্তান ওপেনার ফখর জামানও। এরপর হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ভারতের উইকেটকিপার সাঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে, তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল আউট দেননি। এরপর টিভি আম্পায়ারের কোর্টে যায় বল। ‘বেনেফিট অব ডাউট’ চিরাচরিতভাবে ব্যাটসম্যানেরই পাওয়ার কথা। যদিও নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে।
টিভি রিপ্লেতে মনে হয়েছে, বল আগে মাটিতে পড়ে স্যামসনের গ্লাভসে গেছে। ৯ বলে ১৫ রান করা ফখর মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।
এ নিয়ে টি-টোয়েন্টিতে ১৫ বারের মোকাবেলায় ১১টি জয় নিয়ে ভারতই এগিয়ে। পাকিস্তান জিতেছে ৩টি, একটি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচটিও ‘বোল আউট’-এ জিতেছে ভারত। সে হিসেবে ভারতের জয় ১১টি।
১৪ ম্যাচের মধ্যে ৮টি বিশ্বকাপের লড়াই। এর মধ্যে ভারত সাতটি ও পাকিস্তান মাত্র একটি ম্যাচে জিতেছে। ২০২১ সালে এই দুবাইতে ভারতকে ১০ উইকেটে হারানোর কৃতিত্ব দেখান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ২০১৬ ও ২০২২ (দুবার) আসরে হারানোর পর চলতি আসরে দুবার পাকিস্তানকে হারাল ভারত। দুই দলের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল দুই জাতি সিরিজে। ২০১২ সালে ভারতের মাঠে দুই দলের সিরিজ ১-১-এ ড্র হয়।
মঙ্গলবার শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান, পরদিন ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।










