টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার পর এবার ওয়ানডে সিরিজেও শুভসূচনা পেল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আজ রোববার প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে কিউইরা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ক্যারিবীয়রা ৬ উইকেটে ২৬২ রান তুলতে সমর্থ হয়।

ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে (১১৮ বলে ১১৯) লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। এছাড়া ডেভন কনওয়ে ৫৮ বলে ৪৯ ও মাইকেল ব্রেসওয়েল ৫২ বলে ৩৫ রান করেন। জেডেন সিলস ৪১ রানে ৩টি ও ম্যাথিউ ফোর্ড ৫৫ রানে ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুর দিকে জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আলিক আথানেজ, কেসি কার্টি ও শাই হোপ ইনিংস মেরামত করেন। ৩ চার ও ৩ ছক্কায় ৬১ বলে ৫৫ রানের ইনিংস খেলে ক্যারিবীয়দের আশা বাঁচিয়ে রেখেছিলেন শেরফান রাদারফোর্ড। যদিও তার আউটের পর ২৯ বলে ৬১ রানের কঠিন সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা।

জাস্টিন গ্রিভস (২৪ বলে ৩৮*) ও রোমারিও শেফার্ড (১৯ বলে ২৬*) শেষ দিকে চেষ্টা করছিলেন, যদিও জ্যাকব ডাফির করা শেষ ওভার থেকে তারা ২০ রান তুলতে ব্যর্থ হন।

বুধবার নেপিয়ারে দ্বিতীয় ও শনিবার হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।