ক্রাইস্টচার্চে আজ সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ড। জবাবে কিউইরা ১৮ ওভারে ১৭১ রান তুলে অলআউট হয়ে যায়। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।

এ নিয়ে ২৪তম বারের মতো টি-টোয়েন্টিতে দুশ কিংবা তার বেশি সংগ্রহ গড়ল ইংল্যান্ড। তাদের তিনশোর্ধ্ব সংগ্রহও আছে একটি। গত ১২ সেপ্টেম্বর ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ৩০৪ রান তুলেছিল হ্যারি ব্রুকের দল। ৬০ বলে ১৪১ রান করেছিলেন ফিল সল্ট। তিনি সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩৯ বলে।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি বড় সংগ্রহ গড়ল ব্রুকের দল। আজও রান উৎসবে নেতৃত্ব দেন সেই সল্ট। তিনি ৫৬ বলে করেন ৮৫ রান। এছাড়া অধিনায়ক ব্রুক করেন ৩৫ বলে ৭৮ রান। টম ব্যান্টন ১২ বলে ২৯ ও জ্যাকব বেথেল ১২ বলে ২৪ রান করেন।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। অকল্যান্ডে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুটি দল।