বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে। ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেয়া হয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

গত আসরে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সাতটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স আগামী আসরে খেলছে না। এছাড়া নাম পরিবর্তন হয়েছে।

দুর্বার রাজশাহী থেকে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট স্ট্রাইকার্স থেকে সিলেট টাইটানস ও চট্টগ্রাম কিংস থেকে চট্টগ্রাম রয়্যালস নাম হয়েছে।

মূলত বুধবার রাতেই পাঁচটি দল চূড়ান্ত হয়ে যায়। আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় বিসিবি। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলছিলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।’

আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেয়া হয়েছে। তবে আজ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেয়া হবে না।

এবারের বিপিএল শুরু হওয়ার কথা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর।