ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের আল হিলালের সঙ্গে ড্র করে বসে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকান দল পাচুকার। শারলটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার সলজবুর্গ ও আল হিলাল। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার ভোর ৪টায়।

নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করে বসে রিয়াল। গঞ্জালো গার্সিয়া তোরেস রিয়ালকে এগিয়ে দিলেও পরে পর্তুগিজ ফরোয়ার্ড রুবেন নেভেসের গোলে সমতা আনে আল হিলাল। ওই ড্রতে হতাশ লস ব্লাঙ্কোসরা আজ জিততে মরিয়া। এ ম্যাচে আবার খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি পরিপাকতন্ত্রের অসুস্থতায় বর্তমানে মায়ামির এক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সেখানে রেখেই শারলটে উড়ে গেছে রিয়াল মাদ্রিদ কন্টিনজেন্ট।

৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে অস্ট্রিয়ার সলজবুর্গ, যারা প্রথম ম্যাচে পাচুকাকে ২-১ গোলে হারিয়ে দেয়। রিয়াল ও আল হিলাল উভয়ের ঝুলিতে সমান ১ পয়েন্ট।

‘জি’ গ্রুপের ম্যাচে রাত ১০টায় মরক্কোর উইদাদের মুখোমুখি হবে ইতালির জুভেন্টাস। এছাড়া সোমবার সকাল ৭টায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। জুভেন্টাস প্রথম ম্যাচে ৫-০ গোলে হারায় আল আইনকে, ম্যানসিটি ২-০ গোলে হারায় উইদাদকে। জুভেন্টাস ও ম্যানসিটি উভয়ের ঝুলিতে সমান ৩ পয়েন্ট, বাকি দুই দলের শূন্য। কাজেই জুভেন্টাস ও ম্যানসিটি এই রাউন্ডেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলতে পারে।

এদিকে, শনিবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৪-৩ গোলে মামেলোদি সানডাউনসকে ও রোববার ভোরে ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। ফ্লুমিনেন্স ও ডর্টমুন্ড উভয়ের ঝুলিতে সমান ৪ পয়েন্ট, মামেলোদির ৩।

‘ই’ গ্রুপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিলান। প্রথম ম্যাচে মেক্সিকোর মন্তেরেই ক্লাবের সঙ্গে ড্র করা ইতালিয়ান জায়ান্টরা শনিবার রাতে ২-১ গোলে হারিয়েছে উরায়া রেড ডায়মন্ডসকে। গোল করেন লাউতারো মার্টিনেজ ও ভ্যারেন্তিন কারবোনি। গতকাল সকালে আর্জেন্টিনার রিভার প্লেট গোলশূন্য ড্র করে মন্তেরেইয়ের সঙ্গে। উরায়া বিদায় নিয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুইয়ে আছে রিভার প্লেট ও ইন্টার মিলান, মন্তেরেইয়ের ২।

আজ খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি পরিপাকতন্ত্রের অসুস্থতায় বর্তমানে মায়ামির এক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সেখানে রেখেই শারলটে উড়ে গেছে রিয়াল মাদ্রিদ কন্টিনজেন্ট।