টানা দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল রোববার শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের কল্যাণে ১৪৪ রানের সহজ টার্গেট পায়। এরপর সাইফ হাসানের রাজসিক ফিফটিতে ভর করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।

২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। সাইফ হাসান ২ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৩৮ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৯ বলে ১০ রান করে অপরাজিত থেকে দলকে জেতান নুরুল হাসান সোহান।

এর আগে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। আগের ম্যাচের সেরা খেলোয়াড় শরিফুল ইসলাম বাংলাদেশকে ব্রুক থ্রু এনে দেন ইব্রাহিম জাদরানকে আউট করে। এরপর মোহাম্মদ সাইফউদ্দিন (৩/১৫), নাসুম আহমেদ (২/২৪) ও তানজিম হাসান সাকিবের (২/২৪) দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে দারবিশ রাসুলি ৩২, সেদিকুল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রহমান ২৩ রান করেন।

জবাব দিতে নেমে দলীয় ২৪ রানের মাথায় পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের দৃঢ়তায় (৩৯ বলে ৫৫ রানের জুটি) টাইগাররা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে নেয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। তামিম ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও জিততে অসুবিধা হয়নি বাংলাদেশের। জাকের আলীর সঙ্গে ১৯ বলে ৩০ ও সোহানের সঙ্গে ২৪ বলে ৩৫ রানের হার না মানা জুটিতে বাংলাদেশের কর্তৃত্বপূর্ণ জয় নিশ্চিত করেন সাইফ হাসান।

এর আগে শুক্রবার শারজায় দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নেয় লাল-সবুজরা। ২০১৫ সালের পর এই প্রথম সিরিজ হেরেছে আফগানিস্তান। মাঝে টানা নয়টি সিরিজ জয় করে তারা। রোববার শেষ ম্যাচেও হারল রশিদ খানের দল।