খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। আজ সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।
হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কালো ব্যাজ পরে খেলছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এছাড়া ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা।
এছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনেও অংশগ্রহণকারী দলগুলো মরহুমের স্মরণে শ্রদ্ধা জানাবে।










