আবুধাবিতে আজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। তাতে আশা বাড়ছিল বাংলাদেশের। যদিও মোহাম্মদ নবির শেষ মুহূর্তের ঝড়ে ম্যাচে ফিরেছে রশিদ খানের দল। দুনিত ভেলালাগের করা ২০তম ওভার থেকেই ৩২ রান তুলে তিনি দলকে এনে দেন ১৬৯ রানের লড়াইয়ের পুঁজি।

প্রথম তিন বলে টানা ছক্কা মারা পর চতুর্থ বলটি ‘নো’ হয়ে যায়। এরপর চতুর্থ ও পঞ্চম বলেও ছক্কা মারেন নবি। যদিও ষষ্ঠ বলটিতে তিনি ছক্কা মারতে ব্যর্থ হন এবং দুই রান নিতে গিয়ে রানআউটের শিকার হন। এক ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়তে না পারলেও দলকে ঠিকই কর্তৃত্বে আসনে বসিয়েছেন ৪০ বছর বয়সী নবি। ২০ বলে ফিফটি পূর্ণ করা এ ডানহাতি ব্যাটার ২২ বলে ৬০ রান করেন ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায়।

এছাড়া রশিদ খান ২৩ বলে ২৪ ও ইব্রাহিম জাদরান ২৭ বলে ২৪ রান করেন। সেদিকুল্লাহ আতাল ১৪ বলে ১৮ ও রহমানুল্লাহ গুরবাজ ৮ বলে ১৪ রান করেন। শ্রীলংকার নুয়ান তুষারা ১৮ রানে ৪ উইকেট নেন।

এখন বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ১৭০ করে জিততে হবে শ্রীলংকাকে। আবার তারা যদি ১০০ বা এর কম রানে আটকে যায়, তাহলে চারিত আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। তখন আফগানিস্তানকে নিয়ে টাইগাররা উঠে যাবে সুপার ফোরে।