অবশেষে ইনজুরিজর্জর নেইমারকে ছেড়ে দিতে সম্মত হলো সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল। গতকাল (২৭ জানুয়ারি) ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের চুক্তি বাতিল করা হয়েছে।

৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২০২৩ সালের আগস্টে ৯০ মিলিয়ন ইউরো (৭৭ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড) ট্রান্সফার ফিতে আল-হিলালে যোগ দিয়েছিলেন। ধারণা করা হয়েছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নেইমারও সৌদি ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু একের পর এক ইনজুরিতে ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন এই ফুটবল সুপারস্টার।

২০১৭ সালে ট্রান্সফার মার্কেটের ইতিহাস চিরদিনের জন্য পাল্টে দিয়ে ২০০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। এখনো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে অংশ নিয়েছেন। সর্বশেষ নভেম্বরে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে প্রাক্তন ক্লাব সান্তোসের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। এর আগে গতকাল সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো সেই গুঞ্জন। আল হিলাল কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বলে, নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।

নেইমারের চুক্তিতে সাত মাসের মতো সময় বাকি ছিল। তিনি দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিয়েছিলেন। বার্ষিক বেতন ছিল ১৫০ মিলিয়ন ইউরো (১২৯ দশমিক ২ মিলিয়ন পাউন্ড)। আল-হিলালে যোগ দিয়ে তিনি বলেছিলেন, নতুন ইতিহাস রচনা করতে চান তিনি। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

ইনজুরি থেকে গত বছর অক্টোবরে মাঠে ফেরেন নেইমার এবং দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। শুরুতে সমস্যাটিকে হালকা করে দেখা হলেও এরপর আর মাঠে নামেননি এই প্লেমেকার।

সান্তোসের যুব একাডেমি থেকে উঠে এসেছিলেন নেইমার। সেখানে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছেন। তারপর ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়। ক্লাব ক্যারিয়ারে উচ্চগ্রাফের দেখা সে সময়ই পেয়েছিলেন নেইমার। স্পেনে চার মৌসুমে ১৮৬ ম্যাচ খেলে দুটি লা লিগা শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ক্লাব বিশ্বকাপ জেতেন নেইমার। এরপর ২৫ বছর বয়সে বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন তিনি।

প্যারিসে তিনি পাঁচটি লিগ শিরোপা জেতেন। তারপর পাড়ি জমান সৌদি আরবে। এই ট্রান্সফারের কিছুদিন পরেই পেলেকে টপকে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ পুরুষ গোলদাতা হিসেবে ৭৮তম গোলটি করেন নেইমার। তবে ২০২৩ সালে হাঁটুর ইনজুরির পর থেকে দেশের হয়ে আর খেলেননি তিনি। ইনজুরিই শেষ পর্যন্ত হাইলাইটস হয়ে রইলো নেইমারের ক্যারিয়ারের এ অংশে। বৃত্ত পূর্ণ করে হয়তো সান্তোসেই যাবেন প্রজন্মের অন্যতম প্রতিভাবান এই ফুটবল সুপারস্টার।