বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। আজ রোববার বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। টানা তৃতীয়বারের মতো বিসিসিআই সভাপতি হচ্ছেন কেনো সাবেক ক্রিকেটার।

যদিও তিনি প্রথম ক্রিকেটার হিসেবে বিসিসিআই সভাপতি হলেন, যিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ৪৫ বছর বয়সী মিঠুন মানহাস ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন মানহাস। ২০১৭ সালে মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর মানহাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আইপিএলের পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানসের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। এবার সামলাবেন বিশ্বের সবচেয়ে ধনী ও সবচেয়ে আলোচিত ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব।

বোর্ডসভায় একমাত্র সভাপতি প্রার্থী হিসেবে মিঠুন মানহাসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে সভাপতি ছিলেন সাবেক অধিনায়ক রজার বিনি, যিনি গত আগস্টে পদত্যাগ করেন। সেই থেকে সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নতুন বোর্ডে আবারো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শুক্লা।

দেবজ্যোতি সাইকিয়া হয়েছেন নতুন সচিব, আর নতুন আইপিএল চেয়ারম্যান হয়েছেন অরুন ঠাকুর।