একাধিক গ্র্যামিজয়ী এ শিল্পী শুধু গান নয়, ফ্যাশন ও পণ্য ব্রান্ডিংয়ের দিক থেকেও বিশ্বজুড়ে বিশেষ প্রভাব তৈরি করেছেন। তবে এবার গানে নয়, সংবাদের শিরোনাম হয়েছেন মামলা করে। ডুয়া লিপা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের মামলা করেছেন। তার অভিযোগ, লিপার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় বলা হয়, গত বছর থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছে। গায়িকার দাবি, এ বিষয়ে তাকে আগে কিছু জানানো হয়নি এবং কোনো পারিশ্রমিকও দেয়া হয়নি।

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, বিষয়টি জানতে পেরে ডুয়া লিপা প্রতিষ্ঠানটিকে তার ছবি ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন। তবে অভিযোগ অনুযায়ী, স্যামসাং সে অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি। মামলায় প্রতিষ্ঠানটির আচরণকে ‘উদাসীন ও নির্মম’ বলে উল্লেখ করা হয়েছে।

ডুয়া লিপার পক্ষ থেকে বলা হয়েছে, তার ছবি ব্যবহার করে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যে তিনি স্যামসাংয়ের টিভির প্রচারে যুক্ত বা পণ্যটির অনুমোদন দিয়েছেন। অথচ বাস্তবে তিনি কখনই এ ধরনের কোনো চুক্তি করেননি।

মামলা অনুযায়ী, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং ছবিটির কপিরাইট ডুয়া লিপার মালিকানাধীন।

এ মামলায় কপিরাইট লঙ্ঘন ও ট্রেডমার্ক আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি স্যামসাং।

বিশ্লেষকদের মতে, তারকাদের ছবি বা পরিচিতি ব্যবহার করে পণ্যের বাজার বাড়ানোর প্রবণতা নতুন নয়। তবে অনুমতি ছাড়া এমন ব্যবহার আইনি জটিলতার পাশাপাশি ব্র্যান্ডের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: ভ্যারাইটি