এপ্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। যিনি শুধু একজন গায়কই নন-একজন সুরকার, সংগীত পরিচালক হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। এক দশকেরও বেশি সময় আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম মিলে ব্যান্ড আই কিংস গঠন করেন। এ দলের গান দেশ-বিদেশের সংগীত পিপাসুদের মন জয় করেছে। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এর পর থেকে দেশের বাইরে জাপান, আমেরিকা, লন্ডন, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ আরো অনেক দেশে শো করেছে।

দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় শো করেছে এ জনপ্রিয় ব্যান্ড। গতকালও ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করে ‘আই কিংস’। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোয় স্টেজ শোয়ে ব্যস্ত থাকবে এ দল। তবে দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, এ বছরে তাদের দলে লিড গিটারিস্ট হিসেবে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এ জায়গায় ছিলেন জিতু। বর্তমানে দলে ভোকালিস্ট হিসেবে আছেন মো. মাহমুদুল হক ইমরান (ইমরান মাহমুদুল), বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি, ড্রামসে সজল কুমার সাহা মিঠু, কি-বোর্ডে মো. কাইয়ূম খান ও লিড গিটারে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)।

আই কিংসের এ সেটআপ আগামী ঈদে অর্থাৎ আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোয় পারফর্ম করবে। এরপর ইউরোপ আমেরিকায় স্টেজ শোয় পারফর্ম করা নিয়ে আলাপ চলছে। ব্যান্ডের ভোকালিস্ট ইমরান বলেন, ‘জিতু ভাই আমেরিকা চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন শুভ্র। তা না হলে আমাদের দল যা ছিল, ঠিক তাই থাকত। তার পরও আই কিংস নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে। আগামী ঈদ থেকে এটি দেশের বাইরে স্টেজ শোয় পারফর্ম শুরু করবে।’