থিয়েটারের নেপথ্যে থেকে অভিনয় শেখা এ অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতিটি আসে উড়াল চলচ্চিত্র দিয়ে। এ সিনেমায় অভিনয় করে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন। মঞ্চনাটক থেকে শুরু করে চলচ্চিত্র, ওটিটি নানা মাধ্যমে নিজেকে ছড়িয়ে দিয়েছেন তিনি। অভিনেতার নতুন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার গল্প শুনেছেন অহিদুর রহমান

মঞ্চ থেকে অভিনয়ের শুরু

মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু হয় মুন্নার। বন্ধু হুমায়ূন কবির সুমনের হাত ধরে মঞ্চে প্রবেশ তার। ২০১০ সালের শেষ দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে কলকাতার একটি নাট্যদলের প্রযোজনা ‘তাসের দেশ’ দেখে থিয়েটারের প্রতি আগ্রহ তৈরি হয় তার। এরপর সুমনের সঙ্গে ব্যাকস্টেজে কাজ করতে করতে ২০১২ সালে আরণ্যক নাট্যদলে অভিনয় কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী হিসেবে যুক্ত হন তিনি। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ দলের সঙ্গেই ছিলেন। বর্তমানে যুক্ত আছেন রেপার্টরি থিয়েটার থেসপিয়ান্স দ্য ঢাকার সঙ্গে, যেখানে ‘দ্য সি অব সাইলেন্স’ নাটকে মাইকেল চরিত্রে অভিনয় করছেন। মঞ্চের এ টান নিয়ে মুন্না বলেন, ‘অভিনয়ের শেকড়টা তো আমার মঞ্চে, এর টান থাকবেই। মঞ্চে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অন্য রকম একটা অনুভুতি তৈরি হয়। এটা তারাই বুঝতে পারবেন, যারা মঞ্চে অভিনয় করেন।’

পুরস্কার বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধ

উড়াল সিনেমায় প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পেয়েছেন মেরিল-প্রথম আলো সেরা অভিনেতা পুরস্কার। এ পুরষ্কার পাওয়াকে অভিনয়জীবনের বড় সাফল্য হিসেবে দেখছেন মুন্না। এ স্বীকৃতি তাকে আরো দায়িত্বশীল হতে শিখিয়েছে বলে জানান তিনি। মুন্না বলেন, ‘প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রথমবারেই সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার পাওয়া আমার জন্য অনেক বড় সাফল্য। এত বড় পুরস্কার দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।’

‘হাঙর’-এ ভিন্ন এক মুন্না

তন্ময় সূর্য পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র হাঙরে একজন অ্যান্টাগনিস্টের ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে মুন্নাকে। এমন চরিত্রে দর্শক তাকে আগে কখনো দেখেনি। চরিত্রে এমন এক্সপেরিমেন্ট করাটাই তার কাছে সবচেয়ে লোভনীয় বলে জানান তিনি। মুন্না বলেন, ‘চরিত্র এক্সপেরিমেন্ট করা আমার কাছে অনেক লোভনীয় একটা বিষয়। আমার চরিত্রের উপস্থিতি খুব বেশি না হলেও আশা করি, দর্শক চরিত্রটি মনে রাখবে। শিগগিরই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

ওটিটিতে আসছে দুই নতুন কাজ

ওটিটিতে দুটি নতুন কাজে দেখা যাবে মুন্নাকে। নাজমুল ইভান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মাসিহা’য় একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি, যেখানে গল্পের শেষে দর্শক দারুণ কিছু টুইস্ট দেখতে পাবে বলে জানান মুন্না। এছাড়া সাত পর্বের একটি ওয়েব সিরিজের শুটিংও সম্প্রতি শেষ করেছেন তিনি, এখানেও অভিনয় করেছেন প্রধান চরিত্রে। সিরিজটি নিয়ে বিস্তারিত না জানালেও এতে দর্শক একটি নতুন জুটি দেখতে পাবে বলে ইঙ্গিত দেন মুন্না। তিনি বলেন, ‘প্রতিটা কাজই আনন্দের সঙ্গে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। চরিত্রে বুঁদ হয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে দর্শকের কাছে চরিত্রটি বিশ্বাসযোগ্য মনে হয়।’

বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন

অভিনয়টাই করে যেতে চান, এমনটাই লক্ষ্য মুন্নার। বিশ্বের নামকরা অভিনেতা হওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্নও দেখেন তিনি। অভিনেতা বলেন, ‘আমার লক্ষ্য, অভিনয়টাই করে যেতে চাই। জানি না কতদূর যেতে পারব। তবে চেষ্টা করে যাব বিশ্বের নামকরা একজন অভিনেতা হওয়ার। সেই সঙ্গে স্বপ্ন দেখি বিশ্বমঞ্চে আমার দেশের নাম উজ্জ্বল করার।’