আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদল মঞ্চস্থ করবে তাদের প্রযোজনা ম্যাকবেথ। ফরাসি কিংবদন্তি শিল্পী মাস্টার অব মাইম মার্সেল মার্সোর ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হবে।

উইলিয়াম শেকসপিয়রের অমর সৃষ্টি ম্যাকবেথ বিশ্বজুড়ে নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্যবার রূপ পেয়েছে। তবে ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য হিসেবে এ নাটক মঞ্চে উপস্থাপন করেছে একমাত্র স্বপ্নদলই। জুয়েনা শবনমের কাহিনী পুনর্বিন্যাস ও বাংলা মূকাভিনয়রীতির ঐতিহ্যে নির্মিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

ক্ষমতার লোভ, স্বার্থপরতা ও অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের হাতে রাজা ডানকানের হত্যা, রাজসিংহাসন দখল, শাসন টিকিয়ে রাখতে একের পর এক হত্যাকাণ্ড ও পরিশেষে তার নিজের পতন, এ ট্র্যাজিক কাহিনীই নাটকের মূল প্রেক্ষাপট। দর্শক এক ভিন্ন শিল্পভাষায় বিশ্বখ্যাত ট্র্যাজেডির স্বাদ উপভোগ করবেন এ মূকনাট্যে।

নাটকের অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।

নাটকে মঞ্চ ও আলোক পরিকল্পনায় আছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনায় হাসানুজ্জামান, পোশাক ও সামগ্রী পরিকল্পনায় জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত ও আবহ পরিকল্পনায় ছিলেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শাখাওয়াত শ্যামল।

আগামীকাল অনুষ্ঠিতব্য মঞ্চায়নটি হবে ম্যাকবেথের ১৮তম প্রদর্শনী। প্রসঙ্গত, মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টাসবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে মূকাভিনয়ের সাধনায় বিশ্বজুড়ে সম্মান অর্জন করেন তিনি। কিংবদন্তি এ শিল্পী ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।