বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, যিনি কেবল কনকচাঁপা নামেই পরিচিত। সংগীত ভুবনে তিনি সাড়ে তিন দশকের বেশি সময় ধরে আলো ছড়িয়ে চলেছেন। কনকচাঁপা একাধারে প্লেব্যাক শিল্পী, একক অ্যালবাম শিল্পী ও একজন লেখক। তার সুমিষ্ট কণ্ঠ শ্রোতাদের কাছে আলাদা মাধুর্য সৃষ্টি করেছে, যা তাকে গানের জগতে একটি অনন্য আসনে বসিয়েছে।

চলচ্চিত্রে তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারের বেশি। সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার পরই তিনি প্লেব্যাক গানে এক উজ্জ্বল নাম হয়ে ওঠেন। নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। অনেক গান এখনো মুখে মুখে ফেরে।

আগামীকাল ১১ সেপ্টেম্বর কনকচাঁপার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তারকাকথন’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত এ অনুষ্ঠানে তিনি শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করবেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

কনকচাঁপার গাওয়া একক অ্যালবামের সংখ্যা ৩৫। পাশাপাশি প্লেব্যাক গানের ভাণ্ডারও বিশাল। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু গানের জন্য নয়, দীর্ঘদিনের ধারাবাহিক কাজের জন্যও তিনি শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।

সংগীতের বাইরেও কনকচাঁপা লেখালেখির মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ করেছেন। তার লেখা তিনটি গ্রন্থ হলো ‘স্থবির যাযাবর’, ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’। এ বইগুলোয় তিনি জীবন, সময় ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন।