গতকাল ঘোষণা হলো বাফটা (ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডস। প্রতি বছরই অস্কারের আগে এ পুরস্কার ঘোষণা হয়। অস্কারের ওপর থাকে এর প্রভাব। এবারো বাফটা পুরস্কার ঘোষণার পর দেখা গেল নতুন করে আলাপে এসেছে অস্কার সম্ভাবনা। কেননা বাফটায় এমন কিছু সিনেমা পুরস্কার পেয়েছে, যা অস্কারের সম্ভাব্য পুরস্কার তালিকাকে বদলে দিতে পারে। কেননা বাফটায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কনক্লেভ। সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাফটা পুরস্কার জেতার পর। ‘কনক্লেভ’ কেবল সেরা সিনেমা হিসেবেই নির্বাচিত হয়নি, এটি মোট ১১টি বিভাগে মনোনীতও হয়েছিল।

এবার অস্কার নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই সম্ভাব্যতার ক্ষেত্রে প্রথম স্থানে ছিল নেটফ্লিক্সের সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। কিন্তু এ সিনেমা নিয়ে না হলেও এর অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে উঠেছে বিতর্ক। এরপর স্বাভাবিকভাবেই সিনেমাটি পিছিয়ে পড়ছে অস্কারের দৌড় থেকে। অনেকে এমনো বলছেন, এটি অস্কারের দৌড় থেকে ছিটকে পড়তে পারে। তবে এতসবের মধ্যেও বাফটায় এমিলিয়া পেরেজ জিতে নিয়েছে দুটো পুরস্কার। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী জোয়ি সালদানা ও নন-ইংলিশ বিভাগেও সেরা সিনেমার পুরস্কার পেয়েছে এটি।

26

বাফটা অনেক কিছুই নতুন করে ভাবাচ্ছে সিনেমা ও পুরস্কার মৌসুমকে। বাফটায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে ব্র্যাডি করবেটের দ্য ব্রুটালিস্ট। এছাড়া সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি। এ দুই পুরস্কার নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। ধারণা করাই যাচ্ছিল, এবারের পুরস্কার মৌসুমে এগিয়ে থাকবে ‘দ্য ব্রুটালিস্ট’। এ সিনেমার মধ্য দিয়ে নতুন করে নিজেকে প্রমাণ করেছেন অ্যাড্রিয়ান ব্রডি। তিনি সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন এমন কথাও হচ্ছিল। অস্কারে তা পাবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু বাফটায় তিনি পেয়েছেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। ‘আনোরা’য় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে এবার সবচেয়ে আলোচিত হয়েছেন অভিনেত্রী ডেমি মুর। কোয়ালি ফাউজেন পরিচালিত সিনেমাটি এবার দর্শক-সমালোচকদের মধ্যে সাড়া ফেলেছে। তবে এর চেয়েও বেশি সাড়া ফেলেছেন ডেমি মুর। অভিনয় ক্যারিয়ারে দীর্ঘ সময় পেরিয়ে তিনি প্রথম কোনো বড় পুরস্কার (গোল্ডেন গ্লোব) পেয়েছিলেন। কিন্তু বাফটা তাকে রেখে মাইকিকে বেছে নিয়েছে।

এদিকে কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে বিতর্ক থাকলেও এমিলিয়া পেরেজ পেয়েছে নন-ইংলিশ বিভাগে সেরা সিনেমার পুরস্কার। পুরস্কার নিতে গিয়ে জ্যাক অডিয়ার্ড তার ভাষণে কার্লাকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু বাফটার আয়োজনে কার্লা ছিলেন না।

কনক্লেভ নিয়ে বাফটার এত আগ্রহের আরো কারণ দেখছেন অনেকে। সিনেমাটি ব্রিটিশ। সে কারণেই এটি বেশি পুরস্কার পেতে পারে বলে অনেকের ধারণা। যেমন এটি আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছে। আবার সিনেমাটিকে সম্পাদনার জন্যও পুরস্কার দেয়া হয়েছে।

27

এদিকে মৌলিক সংগীতের জন্য পুরস্কার জিতেছে দ্য ব্রুটালিস্ট। মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের জন্য পুরস্কার পেয়েছে দ্য সাবস্ট্যান্স। আবার সিনেমাটোগ্র্যাফির জন্য পুরস্কার পেয়েছে দ্য ব্রুটালিস্ট।

এ সবকিছু মিলিয়ে মনে করা হচ্ছে বাফটা আসলে নানাভাবে আলোচিত সিনেমাগুলোর মধ্যে প্রতিটিকেই কোনো না কোনোভাবে পুরস্কারের তালিকায় রাখার চেষ্টা করেছে। তবে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতার মতো বিভাগগুলোয় পুরস্কৃত সিনেমাগুলো অস্কারে আলাদা মনোযোগ পাবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখা দরকার একাডেমি অব মোশন পিকচার্স বাফটা দিয়ে কতটা প্রভাবিত হয়।

তবে এবারের অস্কার নিয়ে নানা জল্পনা-কল্পনা আছে। প্রথমত, যে সিনেমাগুলো আলোচনায় ছিল তার প্রতিটিতেই কিছু বিষয় আছে, যা দর্শক-সমালোচকদের ভাবাবে। কিছুটা রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ থাকার কারণেও কোনো সিনেমা এগিয়ে আসতে ও কোনোটা পিছিয়ে যেতে পারে। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জয়ও সিনেমা ও পুরস্কারে প্রভাব রাখবে বলে মনে করছেন অনেকে।

ভ্যারাইটি অবলম্বনে মাহমুদুর রহমান