টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ ডায়না। দর্শকপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রী দীর্ঘদিন পর আবারো অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

খিজির হায়াত খান পরিচালিত চলচ্চিত্র ‘জাগো’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘গেরিলা’য় অভিনয় করেন। যদিও চলচ্চিত্রে কাজ করেছেন অল্প, তবে নাটকেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকের পরিচিত মুখ।

বিশেষ করে নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা সুন্দরী’তে অভিনয় করে ডায়না আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। চরিত্রের সঙ্গে তার সহজ-সরল উপস্থাপনা দর্শকের মন জয় করে নেয়।

ক্যারিয়ারের শুরুর দিনগুলোয় তিনি ছিলেন ব্যস্ত সময়ের অভিনেত্রী। কখনো সিনেমার শুটিং, কখনো নাটক বা বিজ্ঞাপনের কাজ—ক্যামেরার সামনে দিন কেটে যেত তার। সে সময়ের স্মৃতি আজও তাকে আলোড়িত করে।

তবে ব্যক্তিগত জীবনের কারণে ডায়নার অভিনয়জীবন থমকে যায়। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সম্প্রতি দেশে এসে এক আলাপচারিতায় ডায়না বলেন, ‘মিডিয়ায় একটি সোনালি সময় কেটেছে আমার। ক্যামেরার সামনে কাটানো দিনগুলো এখনো চোখে ভাসে। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মাঝে মাঝে মন খারাপ হয়, মনে হয় আবার ফিরে যাই অভিনয়ে। যদি ভালো গল্প আর চরিত্র পাই, অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াব।’

তিনি আরো জানান, কণা ও প্রতীকের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান ‘আদরে আদরে’র মিউজিক ভিডিও করার ইচ্ছেও রয়েছে তার। অনেক আগেই এ নিয়ে পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন হয়নি। টেলিভিশনে সর্বশেষ ডায়নাকে দেখা গেছে শহীদুল্লাহ শোভনের রচনায় ও নিয়াজ মাহবুবের পরিচালনায় নির্মিত ‘রাতের অতিথি’ নাটকে। এর আগে তিনি অভিনয় করেছেন দাউদ হোসাইন রনির রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘ভালোবাসা না বাসা’ নাটকে। আর নাটকে তার যাত্রা শুরু হয়েছিল দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় নির্মিত ‘চিঠি’ নাটক দিয়ে।