জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা মম ও নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। সান্ত্বনা আক্তারের গল্প ভাবনায় নির্মিত ‘মাতৃত্বের স্বাদ’ নামক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মশিউর রহমান। নাটকটির শুটিং সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।
নাটকে দীপা খন্দকার অভিনয় করেছেন জয়রাজের স্ত্রীর চরিত্রে, যার তিনটি সন্তান রয়েছে। ছোট সন্তানকে কোলে নিয়েই তার দৈনন্দিন কাজ চলে। অন্যদিকে মাইমুনা মম অভিনয় করেছেন এমন একজন নারীর চরিত্রে, যিনি ১০ বছরের দাম্পত্য জীবনে সন্তানের অভাব অনুভব করেন। একদিন মম, দীপার কোলে থাকা ফুটফুটে ছোট শিশুটি দেখে মাতৃত্বের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হন এবং শিশুটিকে দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে দীপার অনিচ্ছার পরও স্বামী জয়রাজের মাদকাসক্তি ও অত্যাচারের কারণে দীপা শিশুটিকে মমর কাছে দত্তক দিতে সম্মত হন।
একদিন মম এসে ছোট বাচ্চাটাকে নিয়েও যায়। কিন্তু জয়রাজ দীপাকে সন্দেহ করে যে ছোট বাচ্চাকে হয়তো কম টাকায় কারো কাছে বিক্রি করে দিয়েছে। সেই ছোট বাচ্চাকে জয়রাজ মম’র কাছ থেকে নিয়ে আসতে যায়। তখন ঘটনাক্রমে পুলিশ তাকে গ্রেফতার করে। দীপা দুই সন্তান নিয়ে চলে আসে। মমর কাছে থেকে যায় তার ছোট বাচ্চাটি। আর এভাবেই একজন নিঃসন্তান মা মাতৃত্বের স্বাদ পায়।
নাটকটির প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘সংগ্রামী ও মায়ের চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও আনন্দদায়ক। এ ধরনের চরিত্রে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়। মাইমুনা মমর সঙ্গে কাজ করা সবসময় আনন্দের।’
মাইমুনা মম বলেন, ‘গল্পটি ব্যতিক্রমী। কাজটি কষ্ট হলেও আমরা মন দিয়ে করেছি। দীপা আপুর সঙ্গে অভিনয় স্বাচ্ছন্দ্যের, তিনি ভীষণ অমায়িক ও বন্ধুবৎসল।’
এদিকে মাইমুনা মম নিয়মিত অভিনয় করছেন সঞ্জিত সরকারের নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’, সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকে। সম্প্রতি প্রচার শেষ হয়েছে মুসাফির রনির ‘জোনাকির আলো’ ও সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক।










