ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি বর্তমানে তার ‘গোট (গ্রেট অব অল টাইম) ট্যুর’-এর অংশ হিসেবে ভারত সফর করছেন। শনিবার কলকাতায় বলিউড বাদশাহ শাহরুখ খান ও মেসি একে অপরের সাথে সাক্ষাৎ করেন। দুই বিশ্বখ্যাত তারকা একে অন্যকে আন্তরিকভাবে অভিবাদন জানান এবং সোহার্দ্যপূর্ণ কথাবার্তা বলেন। এ সময় শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। আব্রাম খান ফুটবল কিংবদন্তির সঙ্গে ছবিও তোলেন।
শাহরুখ খান ও মেসির সাক্ষাতের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, শাহরুখ খানের সঙ্গে তার ম্যানেজার পূজা দাদলানি ও আব্রাম খান ভেন্যুতে প্রবেশ করছেন। এ সময় ভক্ত-দর্শক ছিলেন ব্যাপক উচ্ছ্বসিত। সাক্ষাৎ পর্বে শাহরুখ খানের সঙ্গে মেসি ও ফুটবল তারকা লুইস সুয়ারেজ এবং রড্রিগোও ছিলেন। তারা আর্জেন্টিনার কিংবদন্তির সঙ্গে ভারতে সফর করছেন। প্রথমে শাহরুখ সুয়ারেজ ও রড্রিগো ডি পলের সঙ্গে হাত মেলান, তারপর মেসির সঙ্গে হাত মেলান। এ সময় দুই তারকা একসঙ্গে ছবি তোলেন। মেসি শাহরুখ পুত্র আব্রাম খানের সঙ্গেও ছবি তোলেন।
শাহরুখ ও মেসি ভক্তরা মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। এক ভক্ত শাহরুখ খান ও মেসির ছবিতে মন্তব্য করেছেন, ‘এটা ইতিহাস বইয়ের জন্য গুরুত্বপূর্ণ ছবি।’ অন্য এক ভক্ত লিখেছেন, "‘দুই সেরার এক মুহূর্ত, যা পৃথিবী কখনো ভুলবে না।’
এর আগে ১১ ডিসেম্বর শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ইঙ্গিত দিয়েছিলেন যে কলকাতায় থাকাকালীন তিনি ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘এবারের কলকাতা সফরে তার কোনো শো বা সিনেমার শুটিংয়ের পরিকল্পনা নেই। বরং দিনটা পুরোপুরি মেসিকে ঘিরেই কাটবে। একই সঙ্গে তিনি ভক্তদের জানান, ১৩ ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা হবে।
মেসির কলকাতা সফরে তিনি সল্ট লেক স্টেডিয়ামের কাছে তার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উন্মোচন করেন, যেখানে বিপুল জনসমাগম হয়।










