এবার চরকিতে আসছে ফ্ল্যাশ ফিকশন ধারার নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’, যা আজ প্রকাশ হচ্ছে। চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন হিসেবে এটি নতুন মাত্রা যোগ করবে দর্শক অভিজ্ঞতায়। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের ছোট ছোট মুহূর্তের নান্দনিক বা সিনেমাটিক বর্ণনা। এটি জীবনের সহজ ঘটনা তুলে ধরে, কিন্তু তার প্রভাব দর্শকের মনে গভীরভাবে থাকে। ছোট আকারের হলেও এর রেশ দীর্ঘস্থায়ী।’

‘খুব কাছেরই কেউ’-এর গল্প রচনা করেছেন রাবা খান, পরিচালনা করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে অভিনয় করেছেন এফএস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। গল্পটি অ্যারেঞ্জড ম্যারেজের দিকে এগোনো তরুণ-তরুণীর সম্পর্কের গল্প। বিয়ের আগে ও বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনা এবং তাদের অনুভূতির মধ্য দিয়ে দর্শক দেখবে কখনো কখনো সত্যিকারের সম্পর্ক যেভাবেই গড়ে উঠুক, সেটি গভীর হতে পারে।

পরিচালক নিধি বলেন, ‘এটি আমার দ্বিতীয় ফিকশন। প্রথমটি ২০১২ সালে নির্মাণ করেছিলাম। এরপর বিজ্ঞাপন ও সংগীতে সময় দিয়েছি। ‍খুব কাছেরই কেউ তে আমি চেয়েছি দর্শক দুটি অপরিচিত মানুষের পরিচিত হওয়ার আনন্দ উপভোগ করুক। এটি একটি রোমান্টিক ঘরানার গল্প।’ চরকির গ্রাহকরা আজ রাত ১২টা ১ মিনিটে এটি উপভোগ করতে পারবে।