২০০১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি অন্যতম হিট ক্ল্যাসিক ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় এ জুটি শেষবার একসঙ্গে কাজ করেছিলেন। দীর্ঘ আড়াই দশক পর এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি থ্রিলার সিনেমার মাধ্যমে তারা নতুনভাবে জুটি বাঁধছেন।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদন জানায়, প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের নতুন প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ আলী খান। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

নতুন চলচ্চিত্রটি হবে একটি থ্রিলার ঘরানার সিনেমা, যা সমাজের বিভিন্ন জটিল ইস্যু, মানুষের নৈতিকতা ও মূল্যবোধের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হবে। সাইফ আলী খানের বিপরীতে একজন প্রথম সারির বলিউড অভিনেত্রীকে নেয়ার পরিকল্পনা চলছে, তবে কাস্টিংয়ের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটি পরিচালনার জন্য এখনো কোনো পরিচালকের নাম চূড়ান্ত করা হয়নি। বর্তমানে এ প্রকল্পের চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ দৃশ্যধারণের কাজ শুরু হতে পারে।

২০০১ সালে ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটি সমসাময়িক গল্প, বন্ধুত্ব ও আধুনিক জীবনযাত্রার চমৎকার উপস্থাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটিতে সাইফ আলী খানের ‘সমীর’ চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায় এবং এটি তার অভিনয় ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দিয়েছিল। দীর্ঘ ২৫ বছর পর এ দুই তারকার পুনর্মিলন নিয়ে বলিউড সিনেমাপাড়ায় এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

সাইফ আলী খান বর্তমানে ওটিটি ও বড় পর্দা উভয় মাধ্যমেই একাধিক আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এ অভিনেতাকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘কর্তব্য’ সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। এছাড়া সামনে অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ এবং ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি রাহুল ঢোলাকিয়ার একটি বড় বাজেটের চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন।

সূত্র: বলিউড হাঙ্গামা