নেটফ্লিক্সের বহুল আলোচিত সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এবার এ তারকা জানালেন, সুযোগ পেলে বলিউডের একটি কমেডি সিনেমায় অভিনয় করতে চান।
বর্তমানে নিজের নতুন সিনেমা এনোলা হোমস ৩-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন মিলি। এ উপলক্ষে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। আমি কখনই না বলব না। ভারত আমার ভ্রমণের ইচ্ছার তালিকায় আছে। আমি সত্যিই সেখানে যেতে চাই। নতুন যেকোনো অভিজ্ঞতার জন্য প্রস্তুত। বিশেষ করে একটি কমেডি সিনেমা করতে চাই, কারণ আমি নিজেকে বেশ মজার মানুষ মনে করি।’
হিন্দি সিনেমায় নাচের বিষয়টি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এ অভিনেত্রী। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউড চলচ্চিত্রে নাচতে আগ্রহী কিনা। জবাবে মিলি হাসিমুখে বলেন, ‘আমি নাচতে খুবই ভালোবাসি।’
সাক্ষাৎকারে এনোলা হোমস ৩-এ নিজের অ্যাকশন দৃশ্য নিয়েও কথা বলেন মিলি। তিনি জানান, আগের দুটি কিস্তিতেও তিনি অনেক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। তবে এবার চরিত্রটির হাতে কিছু নতুন সরঞ্জাম ও অস্ত্র দেখা যাবে, যা নিয়ে কাজ করতে তার দারুণ লেগেছে। যদিও শুরুতে বন্দুক ব্যবহার করার বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। কারণ তিনি মনে করতেন, এনোলার সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধিমত্তা, সাহস ও শারীরিক সক্ষমতা।
এনোলা হোমস সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০২০ সালে এবং দ্বিতীয় কিস্তি আসে ২০২২ সালে। তৃতীয় কিস্তি আগামী ১ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে মিলির বলিউডে কাজ করার আগ্রহের কথা প্রকাশ পাওয়ার পর ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো কোনো বলিউড প্রজেক্টে তার অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভবিষ্যতে ভারতীয় কোনো কমেডি সিনেমায় তাকে দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস










