এবার সে অনুষ্ঠানে গাইবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে গাইবেন তিনি। শিল্পীর একক গানের এ অনুষ্ঠানের খবরটি শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও শিল্পীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শিল্পকলায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
এদিকে পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মিলিয়ে রুনা লায়লার জনপ্রিয়তা ও সাফল্য ঈর্ষণীয়। অথচ দেশের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শিল্পকলা একাডেমিতে কখনো তার একক অনুষ্ঠান করা হয়নি! দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন সময়ে একাডেমির মঞ্চে মাত্র দুই-তিনবার গাইলেও একক গানের অনুষ্ঠান এবারই প্রথম।
জানা গেছে, এ বিশেষ অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান গাইবেন। ছয় দশকের সংগীতজীবনে বিভিন্ন সময় গাওয়া আলোচিত গানগুলো থাকবে এ তালিকায়।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীত জীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
চলতি মাসের শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়া যাওয়ার কথা। সেখানে একাধিক অনুষ্ঠানে গাইবেন তিনি। শিল্পকলায় উপমহাদেশের এ জীবন্ত কিংবদন্তির কণ্ঠে সরাসরি গান উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংগীতপ্রিয় শ্রোতারা।










