দীপু হাজরার পরিচালনায় নির্মিত এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নাটকে এক নবীন ক্রীড়া সাংবাদিকের ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী নিশাত প্রিয়মকে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাধারণত হাস্যরসাত্মক গল্প বা আর্জেন্টিনা-ব্রাজিলের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নাটক নির্মাণ হয়। সে গতানুগতিক পথ থেকে সরে এসে ফুটবল হট্টগোলে কমেডির বদলে গুরুত্ব পেয়েছে ফুটবলকে ঘিরে গড়ে ওঠা জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপট।
নাটকের গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করার পরও চাকরি জোটেনি আয়ান চৌধুরীর। তবে ফুটবল খেলার প্রতি তার আগ্রহ অসীম। ম্যাচের আগে সে যে ভবিষ্যদ্বাণী করে, তা প্রতিবারই মিলে যায় হুবহু। এ ব্যতিক্রমী প্রতিভাকে কাজে লাগাতে আয়ান খুলে বসে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ। ধীরে ধীরে তার ভবিষ্যদ্বাণীর প্রতি আস্থা রেখে সাধারণ মানুষ জড়িয়ে পড়ে বড় অংকের জুয়ায়। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়ান, আর একের পর এক ঘটতে থাকে রহস্যময় সব ঘটনা।
নিশাত প্রিয়মের চরিত্র আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পর রাতারাতি পরিচিতি পায়। এরই মধ্য দিয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। পরবর্তী সময়ে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এক সাংবাদিক।
নাটক নির্মাণ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি নাটকে সাধারণত কমেডির আধিক্য বেশি দেখা যায়। তবে আর্জেন্টিনা-ব্রাজিলের উন্মাদনার বাইরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে সমাজে অনেক কিছু ঘটে। জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এর মধ্যে অন্যতম। আমরা সেই চেনা বৃত্তের বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীরা পর্দায় গল্পটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ পরিশ্রম করেছেন।’
নাটকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।










