বহু প্রতীক্ষিত নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। সেই সঙ্গে শেয়ার করেছেন প্রেমিক ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্ক নিয়ে অভিজ্ঞতা।
‘নিউ হাইটস’ নামের পডকাস্টটি সাধারণত সঞ্চালনা করেন ট্র্যাভিস ও তার ভাই জেসন কেলসি। এই পডকাস্টে সুইফট জানান, আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে তার ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। পডকাস্টে ট্র্যাভিসের সঙ্গে সম্পর্কের শুরু, তাদের একসঙ্গে জীবনযাপন, তার প্রথম দিককার অ্যালবামের স্বত্ব ফিরে পাওয়া, ভক্তদের জন্য গানগুলিতে লুকানো সংকেত, রেকর্ড ভাঙা ‘এরাস ট্যুর’- সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি।
সাধারণত ব্যক্তি জীবন নিয়ে খুব একটা কথা বলেন না টেলর। তিনি গানেই জীবনের আপডেট জানান, যা তার ভক্তরা খুঁটিয়ে বিশ্লেষণ করে। তার এ পডকাস্টটি সরাসরি শুনতে টিউন করেছিলেন ১৩ লাখেরও বেশি মানুষ।
টেলর পডকাস্টে তার নতুন অ্যালবামের কভার প্রকাশ করেন, যেখানে তাকে একটি রত্নখচিত পোশাক পরে পানিতে শুয়ে থাকতে দেখা যায়।
এটিকে মঞ্চ থেকে নামার পর তার ব্যক্তিগত মুহূর্তের একটি রূপক উল্লেখ করেন টেলর। মজা করে বলেন, এতে আমার রাতের সমাপ্তি বোঝায়। প্রতিদিন আমার শো একই রকম হয়, শুধু শহর বদলায়। আর দিনের শেষে আমি থাকি বাথটাবে। তবে অবশ্যই সব সময় সাজানো পোশাকে নয়।
নতুন অ্যালবামটির থিম 'শো-এর বাইরের জীবন'। টেলর বলেন, আমি বলব, পর্দার আড়ালে যা কিছু ঘটছিল তার সবকিছুই আসলে এটাই। তিনি আরো জানান, ইউরোপে ‘এরাস ট্যুর’ চলাকালেই গান লেখা শুরু হয় এবং সুইডেনে গিয়ে ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে কাজ করেন। বলেন, ট্যুরের সময় আমি শারীরিকভাবে ক্লান্ত ছিলাম, কিন্তু মানসিকভাবে ছিলাম ভীষণ উদ্দীপ্ত।
পডকাস্ট শুরুর সঙ্গে সঙ্গেই তার ওয়েবসাইটে অ্যালবামের প্রি-অর্ডার চালু হয় এবং সাইট ক্র্যাশ করে।
‘আনন্দ আর উদ্দামতা’য় ভরা অ্যালবামটি নিয়ে ট্র্যাভিস বলেন, অ্যালবামটি মানুষকে নাচাবে। এটি তার আগের অ্যালবাম ‘দ্য টর্চারড পয়েটস ডিপার্টমেন্ট’ থেকে সম্পূর্ণ ভিন্ন।
সুইফট বলেন, এটি এসেছে জীবনের এক আনন্দময়, উদ্দাম, নাটকীয় সময় থেকে। আমি চেয়েছি অ্যালবামটি যেন আমার জীবনের অনুভূতিকে প্রতিফলিত করে।
‘ইস্টার এগ’ বা ভক্তদের জন্য গান ও পারফরম্যান্সে লুকানো বার্তা রাখার নিয়ম সম্পর্কে টেলর জানান, আমি কখনো ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত ইস্টার এগ রাখব না, সব সময় তা সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত হবে।
উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিডনাইটস’ অ্যালবাম আসার আগে তাকে দেয়া সম্মানসূচক ডিগ্রির ভাষণে অসংখ্য গানের সূত্র লুকানো ছিল, যা পরে ভক্তরা আবিষ্কার করেন। তিনি আরো জানান, তার কিছু লুকানো বার্তা এত জটিল যে, সেগুলো ব্রেইলে উল্টো করে লেখা হয়।
সংখ্যা ও তারিখ ভালোবাসেন টেলর, বিশেষ করে ১৩ নম্বরটি। টেলর মজার ছলে বলেন, ট্র্যাভিসের জার্সি নম্বর ৮৭, আর ১৩+৮৭ = ১০০।
শুরুতেই জেসন পডকাস্টে আসার কারণ জানতে চাইলে টেলর বলেন, এই পডকাস্ট আমাকে প্রেমিক দিয়েছে। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত করেন ট্র্যাভিসের আগে করা ভাইরাল মন্তব্যের দিকে, যেখানে তিনি কনসার্টে গিয়ে সুইফটকে না দেখতে পেয়ে হতাশ হয়েছিলেন এবং তাকে একটি ব্রেসলেট দিতে চেয়েছিলেন। পরিবার ও বন্ধুরা তাকে ট্র্যাভিসের সঙ্গে দেখা করার অনুরোধ করে, যা তার জন্য ছিল কিশোরী বয়সে স্বপ্ন দেখা মুহূর্তের মতো।
টেলর সুইফট ও ট্র্যাভিস তাদের প্রেমের গল্প শেয়ার করে জানিয়েছেন কীভাবে তারা একসঙ্গে সাওয়ারডো ব্রেড বানান। মজা করে টেলর বলেন, ট্র্যাভিসের মাখানো ডো-তে শেষ পর্যন্ত গিয়ে মিশে যায় বুকের লোম, আর তার ডো-তে থাকে অতিরিক্ত বিড়ালের লোম।
যেখানে সুইফট মাঝে মাঝে জনসমক্ষে তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে একটু লাজুক থাকেন, সেখানে ট্র্যাভিস অনেক খোলামেলা। প্রেমের আগে ফুটবল সম্পর্কে কিছুই জানতেন না সুইফট। এখন খেলোয়াড় ট্রেড পর্যন্ত তার আগ্রহ তৈরি হয়েছে।
ট্র্যাভিস বলেন, তিনি কৃতজ্ঞ যে সুইফট তার জগৎকে মন খুলে গ্রহণ করেছেন।
টেলর তার শখকে ‘দাদিমা ধরনের’ উল্লেখ করে বলেন, আমার সব শখকেই ১৭০০ সালের শখ হিসেবে শ্রেণিবদ্ধ করা যেতে পারে।
সেলাই, আঁকাআঁকি, রান্নার শখের পাশাপাশি প্রতি ছয় মাস পরপর টেলরের নতুন এক ধরনের বেকিংয়ের প্রতি আসক্তি তৈরি হয়। এখন তিনি গভীরভাবে সাওয়ারডো ব্রেড বানানোর নেশায় ডুবে আছেন।
পোডকাস্টে আরো উঠে আসে তার অ্যালবাম ফিরে পাবার গল্প। এ বছর মে মাসে সুইফট প্রথম ছয় অ্যালবামের স্বত্ব কিনে নেন, যা ছিল দীর্ঘ লড়াইয়ের ফল। আর্থিক লাভ নয়, বরং নিজের জীবনের 'হাতের লেখা ডায়েরি' ফেরত পাওয়াটাই ছিল তার মূল উদ্দেশ্য। মা ফোনে গান ফিরে পাওয়ার খবর দিলে আবেগে মেঝেতে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে সুইফট বলেন, ‘এরাস ট্যুর’ থেকে পাওয়া সমর্থন ও আয়ের কারণেই তিনি তার গান কিনতে পেরেছেন।
‘নিউ হাইটস’ পডকাস্টের ২ ঘণ্টার এপিসোডটি ১ দিনে ১৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।










