জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। সেই থেকেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতিতে পরিণত হয়েছেন এ জুটি। এখনো তাদের প্রতিটি উপস্থিতি ভক্তদের মধ্যে আলোড়ন তোলে।

ভিকি-ক্যাটরিনার ব্যাক্তিগত জীবন নিয়েও চর্চারও শেষ নেই। বিয়ের পর বেশ কয়েকবার ক্যাটরিনার গর্ভধারণের খবর শোনা গেছে। সেই গুঞ্জন আরো বেশি ডালপালা মেলে যখন তিনি কুম্ভমেলায় শাশুড়িকে নিয়ে গঙ্গা স্নানে যান। কখনো তার হাঁটার ভঙ্গি, কখনো ঢিলেঢালা পোশাক—সবই যেন নতুন করে সেই আলোচনায় একটু করে উষ্কানি দিচ্ছিল। সম্প্রতি ভিকি-ক্যাটরিনাকে ফেরি টার্মিনালে দেখার পর সেই গুঞ্জন আরো জোরাল হয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। যদিও ক্যাটরিনা-ভিকি দম্পতির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর সত্যতা যাচাইয়ের জন্য।

মাতৃত্ব নিয়ে ক্যাটরিনা কাইফের দৃষ্টিভঙ্গি সর্বদাই ইতিবাচক ছিল । ২০১০ সালে কসমোপলিটন ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা (মাতৃত্ব) মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়। কিন্তু আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আমি এমন মানসিকতার মানুষ, যার কাছে স্বামী ও সন্তান থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি স্বপ্ন দেখি বিয়ে করব, সন্তান হবে, এবং সুখে-শান্তিতে জীবন কাটাব। এটাই আমি।’

ক্যাটরিনা কাইফ সর্বশেষ অভিনয় করেছেন ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অবশ্য তাই বলে বসে নেই তিনি। বর্তমানে নিজের সফল বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’ পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, তার স্বামী ভিকি কৌশলকে সামনে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়্যার’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এছাড়াও ভিকি ‘মহাভারত’ নামক একটি বিশাল আকারের সিনেমা প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন।