এসময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান। অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর সঙ্গে জুটি বেঁধে বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। এবার ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন এ অভিনেতা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে ‘হাসি শেষে নীরবতা’ নামে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগির কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।
নাটকের গল্পে দেখা যাবে, এখন প্রায় প্রত্যেক মানুষ অভিনয় করে যাচ্ছে। কখনো নিজের সঙ্গে, কখনো অন্যের সঙ্গে। এ গল্পের রিওন ঠিক তেমনই একটি ছেলে। ব্রোকেন ফ্যামিলির সন্তান সে। সবকিছু থেকেই যেন বঞ্চিত। এর মাঝে পরিচয় ইরা নামে একটি মেয়ের সঙ্গে। ইরার চোখে রিওন একজন রিচ কিড। কিন্তু রিওনের হাসির পেছনে এক নিস্তব্ধতা আছে ততদিন সে বুঝতে পারেনি, যতদিন রিওন তার মনের কথা ইরাকে বলেছে। অবশেষে রিওন জানতে পারে এক কষ্টকর অতীত নিয়ে হাসিমুখে সবার সামনে যেন অভিনয় করে যাচ্ছে সে। এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক মাকসুদুর রহমান বিশাল। নাটকটি রচনা করেছেন তানিন রহমান। নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। এ নাটকের পরিচালক বিশাল ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। তার সঙ্গে আগেও ভালো কাজ হয়েছে। আমার সহশিল্পী হিসেবে ছিলেন প্রিয়ন্তী। সবাই মিলে চেষ্টা করেছি ভালো কাজ করার। গল্পটি সবার ভালো লাগবে আশা করি।’
পরিচালক মাকসুদুর রহমান বিশাল বলেন, ‘কালবেলা ড্রামার সঙ্গে এটি আমার প্রথম কাজ। প্রথম দুটি নাটকের মাধ্যমেই তারা যে সাড়া ফেলেছে বা দর্শকের ভালোবাসা পেয়েছে, তা বলার মতো নয়। অনেক অনেক ভালো রেসপন্স। দর্শক আমার অনেক নাটক পছন্দ করেছে। এটিও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি।’










