তিনি মনে করেন, অভিনয় জীবনের শুরুতে যেমন ব্যস্ততা ছিল, এখন অনেকটা সেই সুসময়টাই ফিরে এসেছে। প্রতিটি কাজে নিজেকে নতুনভাবে তুলে ধরার নিরন্তর চেষ্টা করছেন তিনি। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে তার অভিনীত ‘ফুফু’ চরিত্রটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ চরিত্রের সাফল্য নিয়ে তিনি বলেন, ‘ফুফু চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কখনো কল্পনাও করিনি। এ কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আমি “‍বাইফা” অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্বের সম্মাননাও পেয়েছি।’

আসন্ন ঈদেও দর্শকের জন্য একাধিক চমক নিয়ে আসছেন এ অভিনেত্রী। তন্ময় সূর্য পরিচালিত ‘হাজর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে। ছোট পর্দায় তিনি থাকছেন একগুচ্ছ মানসম্মত নাটকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’ এবং চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’। এছাড়া বর্তমানে তিনি ইমরোজ শাওন, মীর সাব্বির ও মহিদুল মহিমের নির্দেশনায় নতুন কিছু নাটকে কাজ করছেন।

এবারের ঈদে প্রবীণ ও গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন দীপা খন্দকার। ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ ও আফজাল হোসেনের মতো কিংবদন্তিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করাকে বড় প্রাপ্তি মনে করেন তিনি। তাদের সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘তারা প্রত্যেকেই অভিনয়ের একেকটি জীবন্ত পাঠশালা। তাদের কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে। আমি প্রতিনিয়ত অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে চাই।’ নিপুণ অভিনয় আর চরিত্রের প্রতি একাগ্রতা দীপা খন্দকারকে এ সময়ে এসেও নির্মাতাদের পছন্দের শীর্ষে রেখেছে। এবারের ঈদে তার অভিনীত কাজগুলো দর্শকের ভিন্ন মাত্রার বিনোদন দেবে বলেই চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা।