বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে এক যুগ পার করেছেন অভিনেত্রী মৌমিতা মৌ। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মনের মতো চরিত্রে অভিনয় করতে পারেননি এ অভিনেত্রী।

কলেজে পড়ার সময় নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার জাকির হোসেনের নাচের স্কুলে ভর্তি হন তিনি। সেখানে মাত্র কয়েক দিনের মধ্যেই চলচ্চিত্র নির্মাতা কালাম কায়সারের হাত ধরে ‘তোমারই আছি তোমারই থাকব’-তে নায়িকা হিসেবে অভিনয় করেন। এ সিনেমা ২০১৩ সালের ২২ নভেম্বর মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকের মধ্যে প্রশংসিত হয়।

এরপর মৌমিতা অভিনয় করেছেন ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘অন্তরজালা’ ও ‘আহারে জীবন’ সিনেমায়। সিনেমার পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবেও পরিচিতি পেয়েছেন। বহু জনপ্রিয় বিজ্ঞাপনে তার কাজ দর্শকের কাছে প্রশংসিত হয়েছে।

চলচ্চিত্রে অভিজ্ঞতার পাশাপাশি নাটকেও তিনি অভিনয় করেছেন। মঈনুল হাসান খোকনসহ বিভিন্ন নাট্যনির্মাতার নাটকে তার অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের মন জয় করেছে।

অভিনয় জীবনের পথচলায় তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করব এমন ভাবনা কখনই ছিল না। শখের নাচের স্কুল থেকেই নায়িকা হওয়ার যাত্রা শুরু। দর্শক ও সহকর্মীদের ভালোবাসা আজ আমাকে এখানে এনেছে। বিশেষ কৃতজ্ঞ জাকির হোসেন ভাই, পরিচালক কালাম কায়সার ভাই, মঈনুল হাসান খোকন ভাই ও লাইন প্রডিউসার হিমেল ভাইকে। আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল তানিন সুবহা। তার চলে যাওয়া ভীষণ কষ্ট দিয়েছে। সাংবাদিক রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এএইচ মুরাদ, অচিন্ত্য চয়ন সবসময় পাশে থেকেছেন।’

শোবিজে এক যুগের ক্যারিয়ার হলেও মৌমিতা মৌ এখনো তার মনের মতো গল্পের সিনেমার অপেক্ষায় আছেন, যেখানে তিনি পুরোপুরি নিজেকে উজাড় করে অভিনয় করতে পারবেন। তার আশা, এমন একটি সিনেমা দর্শক ও সমালোচকের হৃদয়কে স্পর্শ করবে এবং তার প্রতিভার সঠিক পরিচয় তুলে ধরবে।