আজ জিটিভিতে প্রচার হতে যাচ্ছে ইকবাল খন্দকারের উপস্থাপনায় নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এর ৩৪তম পর্ব। আলোঘর প্রকাশনা নিবেদিত এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
জিটিভির এ ব্যতিক্রমধর্মী আয়োজনটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। সে ধারাবাহিকতার অংশ হিসেবে এবারের পর্বে অতিথি হিসেবে এসেছেন ফারুক আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।
এ পর্বে একান্ত আলাপচারিতায় ফারুক আহমেদ তুলে ধরেছেন অভিনয়ের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্যের নানা গল্প। অভিনয় জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা ও শিল্পী হয়ে ওঠার পথচলার কিছু অজানা অধ্যায়ও উঠে এসেছে এ আলোচনায়, যা দর্শকের জন্য হতে পারে ভিন্ন রকম এক অভিজ্ঞতা।
অনুষ্ঠানটির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তি জীবন সম্পর্কে একটু কমই জানি। এ অনুষ্ঠান মূলত তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তি জীবন সম্পর্কে জানানোর আয়োজন। যে কারণে এরই মধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আশা করি এ পর্বও দর্শকপ্রিয়তা পাবে।’
অন্যদিকে অতিথি ফারুক আহমেদ বলেন, ‘আমরা যারা অভিনয়ের মানুষ, তারা অভিনয় করেই এক জীবন কাটিয়ে দিই। নিজের কথা আর সেভাবে শোনানো হয় না। তবে এ অনুষ্ঠানে নিজের কথা বলেছি মন খুলে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
উল্লেখ্য, শিক্ষা-সংস্কৃতি অনির্বাণের এ বিশেষ পর্বটি আজ রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।










