জুলফিকার ইসলাম শিশির এ সময়ের একজন ব্যস্ত নাট্যনির্মাতা। তার নির্দেশিত বেশকিছু নাটক আলোচিত হয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিশিরের নির্দেশনায় অভিনয় করেছেন। আবারো তার নির্দেশনায় তারা দুজনই আরো একটি ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘টাক কোনো সমস্যা না’। নাটকটির গল্প রচনা করেছেন রিদ্ধ শরীফ। আগামী ঈদে প্রচারের জন্য শিশির নাটকটি নির্মাণ করেছেন।
এ নাটক ও শিশিরের সঙ্গে কাজ করা নিয়ে নিলয় বলেন, ‘শিশির বেশ গুছিয়ে কাজ করে। তার স্ত্রীসহ সবাই মিলে একটি টিম হয়ে কাজ করে। কাজ নিয়ে শিশিরের চিন্তা ভাবনা বা স্টাইল আমার পছন্দের। যে কারণে শিশিরের নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’
বর্তমান নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘টাক কোনো সমস্যা না নাটকের গল্পটাই অন্য রকম। আর হিমির সঙ্গে তো আসলে কাজের রসায়নটা এখন দুর্দান্ত। সহশিল্পী হিসেবে আমরা একে অন্যকে বেশ ভালো বুঝি।’
হিমি বলেন, ‘সবসময়ই তো আমরা অনেক গ্ল্যামারাস নাটকে অভিনয় করি। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী-স্ত্রীর গল্পের নাটক। এ ধারা থেকে আমরা একটু বের হওয়ার চেষ্টা করছি এ নাটকে। প্রতিটি নাটকেই একটি মেসেজ রাখার চেষ্টা করছি। সাধারণত আমরা বাহ্যিক লুকটাকে যতটা গুরুত্ব দিই, রিয়েল লাইফে সেটা তেমন ম্যাটার করে না। এ বিষয়ই একটু মজা করে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’










