প্রায় ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেত্রী রেখা। এবার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি বিশেষ সম্মাননা ‘রেড সি অনারি অ্যাওয়ার্ড’ পেলেন।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরের পর্দা নামে ১৩ ডিসেম্বর। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয় এ উৎসব।
উৎসবে ট্রেজার স্ট্যান্ড সেকশনে রেখার কালজয়ী সিনেমা ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনী হয়। মুজাফ্ফর আলি পরিচালিত সিনেমাটি ১৯৮১ সালে মুক্তি পায়। মূলত, ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া সিনেমাগুলো এ ক্যাটাগরিতে পুনরায় প্রদর্শিত হয়।
রেখা সিনেমার প্রতি তার আবেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন সিনেমা দেখুন। সিনেমার মতো কোনো ওষুধ নেই, কোনো নিরাময় নেই। আমি তার জীবন্ত উদাহরণ। আমি এখনো বেঁচে আছি শুধু সিনেমার কারণে।’
তিনি আরো বলেন, ‘আমি বেশি কথা বলি না। উমরাও জান এমন একটি চরিত্র, যা তার অর্ধেক অভিনয় চোখের ভাষায় প্রকাশ করেছিল। আমার মা বলতেন, ‘নিজের অর্জন বা অনুভূতি নিয়ে বেশি কথা বলো না। মানুষকে কিছু শেখাতে হলে মুখে বলার দরকার নেই, কাজের মাধ্যমে উদাহরণ হয়ে ওঠো।’
মঞ্চে উপস্থিত দর্শকের উদ্দেশে রেখা বিখ্যাত গান ‘দিল চিজ কেয়া হ্যায়’-এর দুই লাইন গেয়ে শোনান, যা তার আইকনিক চরিত্র উমরাও জানকে আবারো জীবন্ত করে তোলে।
মির্জা হাদি রুসওয়ার ১৮৯৯ সালের উর্দু উপন্যাস ‘উমরাও জান আডা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে লক্ষ্ণৌর এক তবায়েফ ও কবির জীবনের গল্প দেখানো হয়েছে। এ চরিত্রই রেখাকে এনে দিয়েছিল ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক মাইলফলক।










