তার ভাষায়, সেই ভঙ্গি যেন তাকে ‘তাড়া করে বেড়াত’। অবশেষে সিনেমাটির ১০ বছর পূর্তি উপলক্ষে নতুন পোস্টার প্রকাশ করেছে লায়ন্সগেট, যেখানে সেই ভঙ্গিটি সংশোধন করা হয়েছে।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির মূল পোস্টারে লস অ্যাঞ্জেলেসের আকাশরেখার পটভূমিতে নাচতে দেখা যায় এমা স্টোন ও রায়ান গসলিংকে। দুজনেরই একটি করে হাত ওপরে তোলা থাকলেও স্টোনের হাত ছিল সোজা প্রসারিত, আর গসলিং হাতের তালুটি সমতলভাবে কাত করে রেখেছিলেন। পরবর্তী সময়ে এ ভঙ্গি নিয়েই বারবার রসিকতা করেছেন তিনি।
২০২৪ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেয়া এক সাক্ষাৎকারে গসলিং বলেন, ‘লা লা ল্যান্ড-এর একটি মুহূর্ত আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এমা আর আমি তখন নাচছিলাম। আমি জানতামই না যে সেটিই সিনেমার পোস্টার হয়ে যাবে। সবাই আমাকে বলেছিল, এটা মোটেও ভালো লাগছে না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম, এটাই বেশি কুল। এখন যখন পোস্টারটা দেখি—আর আমাকে তো প্রায়ই দেখতে হয়—তখন মনে হয়, আসলে সঠিক ভঙ্গিটাই অনেক বেশি ভালো হতো। আমার ওই ভঙ্গিটা পুরো দৃশ্যের শক্তিটাই নষ্ট করে দিয়েছে। আমি একে বলি ‘‘লা লা হ্যান্ড’’।’
অবশেষে সেই চিত্র বদলানো হলো। এ নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে লা লা ল্যান্ড-এর দশম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে। আগামী ১৬ আগস্ট থেকে সিনেমাটি আবারো প্রেক্ষাগৃহে ফিরছে। যুক্তরাষ্ট্রে এএমসি থিয়েটারের ডলবি সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে অস্কারজয়ী মিউজিক্যালটি পুনরায় মুক্তি পাবে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










