দুর্গা পূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোয় গতকাল একসঙ্গে মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা। এগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘উদীয়মান সূর্য’। সিনেমাগুলো তেমন প্রচার-প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে। তবে এ তালিকার মধ্যে কিছুটা ব্যতিক্রম হলো মেহজাবীন চৌধুরীর অভিনীত ‘সাবা’।
‘সাবা’ মেহজাবীনের প্রথম ও দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা, যা দেশের প্রেক্ষাগৃহে আসার আগে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটির পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের সাতটি প্রেক্ষাগৃহে চলছে এটি, যেমন—বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুর সনি স্কয়ার, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মমইন বগুড়া ও সিনেস্কোপ নারায়ণগঞ্জ।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘চরিত্রটি পড়েই বুঝেছিলাম, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। তাই “সাবা” আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা করছি, দর্শকরাও সিনেমাটি পছন্দ করবেন।’
সিনেমাটিতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা মা-মেয়ের সম্পর্কের গল্পকে কেন্দ্র করে তৈরি।
অন্যদিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তি পেয়েছে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে। এই সিনেমার দৃশ্যধারণ করা হয় ২০২০ সালে, যখন বিশ্ব নভেল করোনাভাইরাস মহামারীর কবলে। দৃশ্যধারণের পাঁচ বছর পর দর্শক সিনেমাটি দেখতে পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, গান লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
তৃতীয় সিনেমা ‘উদীয়মান সূর্য’ নির্মাণ করেছেন এসএম শফিউল আযম। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেয়া এক অমলিন প্রেমের গল্পকে কেন্দ্র করে এটি নির্মিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর। এছাড়া সিনেমায় দেখা যাবে শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন ও আহমেদ সাজু প্রভৃতিকে।
নির্মাতা শফিউল আযম বলেন, ‘মুক্তিযুদ্ধ কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। সিনেমায় দেশপ্রেমের বার্তা দেয়ার সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করেছি। প্রেম, ভালোবাসা, অ্যাকশন ও গান—সব মিলিয়ে দর্শকরা এটি উপভোগ করবেন বলে আশা করছি।’










