আজমান রুশো পরিচালিত এ সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। এবার সে উন্মাদনায় নতুন মাত্রা যোগ করল দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে এ প্লাটফর্ম। গতকাল দুপুরে রকস্টার ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে রকস্টার। শাকিব খানকে বৈচিত্র্যময় লুকে একজন সংগীতশিল্পী হিসেবে দেখে দেশ-বিদেশের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে আসে টিজারটি। চরকি এ সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খবরে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সিনেমাটির নতুন গান বা ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘শুরু থেকেই ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার চেষ্টা করে আসছে চরকি। প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মের সমন্বিত প্রচেষ্টা একটি সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দূর নিয়ে যেতে পারে। দর্শকের ভালো নির্মাণ দেখানোর ধারাবাহিকতায় রকস্টার সিনেমার সঙ্গে তাদের এ পথচলা।’

সিনেমার নির্মাতা আজমান রুশো জানান, তিনি নিজে নির্মাণে আসার আগে মিউজিশিয়ান ছিলেন। নিজের ও বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতার মিশেলে গল্পটি তৈরি করেছেন তিনি। তার মতে, সিনেমা মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে চরকি একটি আস্থার নাম। অন্যদিকে সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই তারা চরকিকে ডিজিটাল সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

এ সিনেমায় শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন। সিনেমার সবক’টি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।