পূজায় মুক্তি পাচ্ছে গোয়েন্দা ও ট্রাভেল গল্পের মিশ্রণে তৈরি চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচিত পরিচালক নাসিম সাহনিক। এরই মধ্যে প্রযোজনা সংস্থা আম্মাজান ফিল্মস মুক্তির তারিখ চূড়ান্ত করেছে এবং বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে নিবন্ধন করেছে। প্রযোজক ও পরিচালক উভয়ই নিশ্চিত করেছেন, আগামী পূজায় এটি দর্শকের সামনে উপস্থাপন হবে।
চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক ও শান্তা পল প্রমুখ।
পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি দেখার সময় দর্শক জীবনের নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য হবে। এতে ব্যবহৃত কমেডি উপাদান দর্শককে নির্মল আনন্দ দেবে। তিনি আরো বলেন, ‘বন্ধুবান্ধব, পরিবার-পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য চলচ্চিত্রটি একটি উপভোগ্য অভিজ্ঞতা হয়ে উঠবে।’
অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ‘ঈদ উৎসবের পর পূজায় আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে খুব ভালো লাগছে। পরিচালক নাসিম সাহনিক চলচ্চিত্রটি বেশ যত্নের সঙ্গে তৈরি করেছেন। আশা করছি, দর্শকরা এটি দেখে মুগ্ধ হবে।’
ব্যাচেলর ইন ট্রিপ মূলত একটি ট্রাভেল স্টোরি, যার সঙ্গে রয়েছে রোমান্টিক ও কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে কুয়াকাটায় বেড়াতে যাওয়া কয়েকটি ব্যাচেলর গ্রুপের অভিজ্ঞতার ওপর নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষের জীবনকে উপভোগ করার তাড়না। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার ও কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ ও রহস্য চলচ্চিত্রটিকে করে তুলেছে আরো টানটান ও আকর্ষণীয়। চলচ্চিত্রটিতে প্রতিটি মুহূর্ত দর্শককে বিনোদনের পাশাপাশি জীবন ও বন্ধুত্বের মূল্য উপলব্ধি করাবে।










