জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। দীর্ঘদিন পরে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। অভিনয়ে তিনি কেবল দর্শকপ্রিয়তা অর্জন করেননি, বরং দক্ষতার সঙ্গে সমাজবদ্ধ ও নারীকেন্দ্রিক চরিত্রও ফুটিয়ে তুলেছেন।
বিরতির পর তিনি বর্তমানে দুই ধারাবাহিকে অভিনয় করছেন—দীপ্ত টিভিতে খুশবু ও বৈশাখী টিভিতে গিট্টু। অর্ষা জানান, এ বিরতি মূলত ব্যক্তিগত কারণে নেয়া হয়েছিল। সাত বছর ধরে অসুস্থ ছিলেন তার মা। সে সময়ে মায়ের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে শুটিং করেছেন তিনি। কখনো শুটিং করেছেন, কখনো বাদও দিয়েছেন। গত জুনে হঠাৎ মাকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়ায় কাজ থেকে বিরতি নেয়া ছাড়া উপায় ছিল না। তিনি জানান, মা তার জীবনের শক্তির মতো ছিলেন এবং মায়ের অনুপস্থিতিতে এখনো নিজেকে অনেকটা দুর্বল মনে হয়।
অভিনেত্রী জানান, আগে শুটিংয়ে গেলে সবসময় চিন্তা থাকত মা কেমন আছেন, কী করছেন। কাজের ফাঁকেও মায়ের খোঁজ নিতেন। মা যেন সবসময় তার সঙ্গে ছায়ার মতো ছিলেন। অর্ষা বলেন, ‘মা চলে যাওয়ার পর আমার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। তিন মাস আগেও প্রতিদিন রুটিনের ছোট ছোট বিষয় নিয়ে আলাপ হতো—খাওয়া, রান্না, পছন্দ ইত্যাদি। এখন এ অভিজ্ঞতা আর নেই, তাই শুটিংয়ে গেলে মাকে খুব মিস করি।’
অর্ষা দীর্ঘ বিরতির পর ফেরার সময়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন চরিত্র ও গল্পের গভীরতাকে। খুশবু ধারাবাহিকে তার চরিত্র ‘সেতু’ গ্রাম থেকে আসা মেয়েদের পাশে দাঁড়ায়, পোশাক কর্মীদের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া গিট্টুতে তিনি অনুরূপ চরিত্রে অভিনয় করছেন। তিনি গণমাধ্যমকে জানান, ধারাবাহিক নাটকের ক্ষেত্রে শুধু কাজের সংখ্যা নয়, চরিত্রের গভীরতা, গল্পের মান ও দর্শকের সঙ্গে সংযোগ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী মনে করেন, শিল্পীর দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শিল্পী ট্যাগ থাকলে দায়িত্ব বেড়ে যায়। দর্শক আমার অভিনীত চরিত্রের মধ্য দিয়ে প্রভাবিত হন। তাই ইতিবাচক বার্তা ও সমাজবদ্ধ চরিত্র তুলে ধরাই আমার লক্ষ্য।’ তিনি আরো জানান, এ ধারাবাহিকগুলোয় নারীকেন্দ্রিক গল্পের জায়গা ধরে রাখাও তার প্রধান উদ্দেশ্য।










