জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক। বরাবরই কাজের ক্ষেত্রে সচেতন ও বেছে ভালো গল্পে কাজ করার পক্ষে তিনি। নতুন বছরে নিজের কাজ ও ইন্ডাস্ট্রির সামগ্রিক পরিবর্তন নিয়ে ভাবনা আছে তার। কাজের সংখ্যা, মান, গল্পের গভীরতা ও নিজের সঙ্গে সংযোগ সব বিষয় মিলিয়ে নতুন বছরকে নতুনভাবে দেখছেন এ অভিনেতা। নতুন বছরের তার কাজ, ভাবনা ও ইন্ডাস্ট্রি নিয়ে তার দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন অহিদুর রহমান
বেছে কাজ করার ইচ্ছা
এমনিতেই বেছে বেছে ভালো গল্পে কাজ করেন মনোজ। নতুন বছরে তার মূল পরিকল্পনা তুলনামূলক কম কাজ করা, কিন্তু বেছে কাজ করা। তিনি আগের চেয়ে অনেক বেশি সময় দিয়ে স্ক্রিনপ্লে নির্বাচন করতে চান। কোন ধরনের গল্প ও চরিত্র তাকে ভেতর থেকে আনন্দ দেবে, কোন কাজগুলো করলে নিজের কাছে সন্তুষ্ট থাকা যাবে এসব বিষয় এবার তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘শুধু কাজের সংখ্যা বাড়ানো নয়, কাজের মান ও নিজের অনুভূতির সঙ্গে সংযোগ আছে কিনা, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি নতুন বছরে একটু ধীরে, সচেতনভাবে এগোতে চাই।’
দর্শকের জন্য নতুন কী আসছে
নতুন বছরে নতুন কিছু নাটকের কাজ নিয়ে আসছেন মনোজ। ‘কয়েকটি নাটকে এ বছর দেখা যাবে আমাকে। সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করার পরিকল্পনা রয়েছে। একটি সিনেমার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, সেটিও এ বছর মুক্তি পাবে বলে আশা করছি। এছাড়া আরো কিছু নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, তবে সেগুলো এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
চরিত্রে গভীরতার খোঁজ
কাজের ধরন বা কনটেন্টের ক্ষেত্রে ২০২৬-এ নতুনত্ব আনতে চান মনোজ। তিনি জানান, এমন কিছু চরিত্রে কাজ করবেন যেগুলোয় দর্শক আগেও তাকে দেখেছে। তবে এবার আরো গভীরভাবে উপস্থাপন করতে চান নিজেকে। মনোজ বলেন, ‘একটি চরিত্রের ভেতর অনেক স্তর থাকে। আগেও এমন কাজ করা হয়েছে, এবার একই কাজ আরো ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। নানা ধরনের চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে, আবার একই ধরনের চরিত্রকে নতুন দৃষ্টিতে তুলে ধরা আমার কাছে উপভোগ্য।’
বুসানের অভিজ্ঞতা থেকে শেখা
২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়ান ফিল্ম স্কুলে প্রায় আট মাস পড়াশোনা করেছেন মনোজ। সে অভিজ্ঞতা তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এ সময়টাকে আমি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখি। একজন অভিনেতা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিরই একটি অংশ। কীভাবে আরো ইমপ্যাক্টফুল কাজ করা যায়, কোন ধরনের গল্প দর্শকের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করতে পারে—এসব বিষয় নতুনভাবে ভাবতে শিখেছি। আমি চাই এ অভিজ্ঞতার প্রতিফলন আমার অভিনয় জীবনে কাজে লাগুক।’
ইন্ডাস্ট্রির কাছে প্রত্যাশা
ইন্ডাস্ট্রির জন্য মনোজ প্রামাণিকের প্রত্যাশা স্পষ্ট। তিনি চান আরো বৈচিত্র্যময় গল্প ও চরিত্র নিয়ে কাজ হোক। তিনি বলেন, ‘ওটিটি প্লাটফর্মগুলো যেন আরো সক্রিয়ভাবে কাজ করে এবং নতুন নির্মাণ বাড়ে। বছরে আরো বেশি সিনেমা তৈরি হলে দক্ষ অভিনেতা-অভিনেত্রীরা কাজের সুযোগ পাবেন। কাজ বাড়লে দর্শকও তৈরি হবে।’ একই সঙ্গে তিনি মনে করেন, ‘এসব কাজ দেখার জন্য আরো বেশি সিনেমা হল ও সিনেপ্লেক্স প্রয়োজন। কোয়ালিটি কনটেন্ট তৈরিতে মনোযোগ বাড়ানো জরুরি। আমাদের দেশে অসংখ্য ভালো গল্প রয়েছে। দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে, যদি এমন গল্প সুন্দরভাবে নির্মাণ করা যায়, তাহলে বিদ্যমান দর্শক সংখ্যার মধ্যেই একটি বড় ও শক্তিশালী ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব।’
নিজের জন্য সময়
কাজের ব্যস্ততার বাইরে মনোজ নতুন বছরে ব্যক্তিগত জীবনেও কিছু প্রত্যাশা রাখছেন। তিনি বলেন, ‘নিজের দিকে আরো বেশি মনোযোগ দিতে চাই। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেয়াকে এবার গুরুত্ব দিচ্ছি। পরিবার, বন্ধুবান্ধব ও কাছের মানুষের সঙ্গে আরো বেশি সময় কাটানোর ইচ্ছা রয়েছে।’
দর্শকের প্রতি বার্তা
নতুন বছরে মনোজ প্রামাণিক দর্শক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে এখন অনেক ভালো কনটেন্ট তৈরি হচ্ছে, ভালো সিনেমাও হচ্ছে। এসব কাজের সঙ্গে থাকা, দেখা ও সমর্থন করার আহ্বান জানাই। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে দর্শকের সাপোর্ট খুব জরুরি। পাশাপাশি সবাই নিজের যত্ন নিন, সুস্থ থাকুন এবং দেশকে ভালোবাসুন।’










