ঢাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক কনসার্ট বাতিলের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। আজ ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে আয়োজকরা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন।
সামাজিক মাধ্যমে আতিফ আসলামের বাংলাদেশী ভক্তদের প্রতি দুঃখ প্রকাশের পোস্ট দেখা গেছে। তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশী ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’
কনসার্ট আয়োজনের দায়িত্বে ছিল দুটি প্রতিষ্ঠান—‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বাতিলের কারণ প্রকাশ করেননি।
বিভিন্ন সূত্র বলছে, আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সরকারি অনুমতির বিলম্বের কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এখনো প্রক্রিয়াধীন থাকায় আয়োজন সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
এদিকে ‘চলঘুরি’ নামে একটি জনপ্রিয় টিকেটিং প্লাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে ৯ হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটধারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। অনেক ভক্ত এখন রিফান্ডের জন্য অপেক্ষা করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন আকস্মিকভাবে কনসার্ট স্থগিত হওয়া শুধু দর্শকদের আর্থিক ক্ষতি ঘটাচ্ছে না, বরং বড় ধরনের অসন্তোষও সৃষ্টি করতে পারে। বারবার কনসার্ট বাতিল হওয়ার ঘটনা বাংলাদেশের সংগীত আয়োজন শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভক্তদের জন্য হতাশার বিষয় হলেও আতিফ আসলামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে ভবিষ্যতে তিনি আবার ঢাকায় তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আয়োজকরা এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করেননি।










