রোমান্টিক কমেডি ঘরানার নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবার তিনি হাজির হচ্ছেন ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ নিয়ে। এটি আজ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে ২০ অক্টোবর প্রকাশ হয়েছে ট্রেলার, যা দর্শকের মধ্যে তৈরি করেছে কৌতূহল।
ট্রেলারে দেখা যায়, এক দম্পতি বেড়াতে আসে তাদের বিবাহিত বন্ধুর বাড়িতে। একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি ও অদ্ভুত সব ঘটনার মোড়। ভালোবাসা, বিরক্তি, প্রত্যাশা আর বাস্তবতার সংঘাতে ধীরে ধীরে উঠে আসে দাম্পত্য জীবনের গভীর কিছু প্রশ্ন, আসলে পারফেক্ট সম্পর্ক বা পারফেক্ট স্ত্রী বলে কিছু কি আছে?
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে “মনের মতো বউ” বলে একটা ধারণা সমাজে কাজ করে। স্বামী নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সে স্ত্রী পারফেক্ট। এ প্রচলিত ধারণাকে প্রশ্ন করতেই পারফেক্ট ওয়াইফ বানানো। আমরা গল্পটা মজারভাবে বলেছি, কিন্তু ভেতরে রয়েছে চিন্তার জায়গা। আমার বিশ্বাস, দর্শক গল্পে নিজেদের জীবনের অনেক কিছু খুঁজে পাবে।’
‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘কাজলরেখা’ ও চরকি অরিজিনাল ফিল্ম ‘গুণিন’-এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবার তরুণ ও নবীনদের নিয়ে কাজটি করেছেন। তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিত বলে মনে করি। এ কাজের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর সবাই নতুন। তাদের উৎসাহ, শ্রম ও সৃজনশীলতা এ কনটেন্টকে বিশেষ করেছে।’
পারফেক্ট ওয়াইফে দুই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান, মীর রাব্বি ও জৌপারী লুসাই। সুদীপ বিশ্বাস দীপ বলেন, ‘আমার চরিত্র একজন আইনজীবী বাবার বখে যাওয়া ছেলে। আমার জীবনে কিছু অভাব নেই, কিন্তু আমি কি পারফেক্ট? গল্পটা আসলে সে প্রশ্নেই ঘোরে। আমরা খুব মজা করে কাজ করেছি, গল্পের শেষে দারুণ টুইস্ট আছে।’
আরিয়ানা জামান এখানে তার বিপরীত স্বভাবের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার চরিত্র একজন দায়িত্বশীল আইনজীবী, সংসার ও সম্পত্তি—সবকিছুর ভার তার কাঁধে। দাম্পত্য জীবনের খুনসুটি ও বাস্তব দ্বন্দ্বগুলো এখানে খুব বাস্তবভাবে ফুটে উঠেছে।’
অভিনেতা মীর রাব্বি বলেন, ‘গল্পটিতে পারফেকশন ধারণাটিকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে। ‘একেক জনের কাছে পারফেক্ট জিনিসটা একেক রকম। পারফেক্ট ওয়াইফে আমরা সে ধারণাকেই স্যাটায়ার করেছি। এটা সিচুয়েশনাল কমেডি ধাঁচের গল্প, কিন্তু ভেতরে গভীর অর্থ আছে।’
অন্যদিকে অভিনেত্রী জৌপারী লুসাই জানালেন, তার চরিত্রটি দর্শকের কাছে একেবারেই অপ্রত্যাশিত। ট্রেলারে দেখা গেছে, তিনি অন্য ভাষায় কথা বলছেন।
জৌপারী বলেন, ‘এ চরিত্র আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। গল্পের শেষে দর্শক নিশ্চয়ই চমকে যাবে।’
আলফা–আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত পারফেক্ট ওয়াইফ হলো চরকির চতুর্থ ফ্ল্যাশ ফিকশন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ফ্ল্যাশ ফিকশন ঘরানাটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের সিনেমাটিক উপস্থাপন, যা ক্ষণিকের মনে হলেও এর প্রভাব অনেক বড়। এটি জীবনের ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ গল্পগুলোকে তুলে ধরার একটি নতুন মাধ্যম।’
রোমান্টিক হাস্যরস, বাস্তব জীবনের দাম্পত্য টানাপড়েন আর ভাবনার জায়গা—সব মিলিয়ে পারফেক্ট ওয়াইফ হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে দর্শক এবার দেখবেন, সম্পর্কের ভেতর লুকিয়ে থাকা অদেখা সত্যের গল্প।










