অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে থিয়েটারে নয়, মুক্তি পাবে ওটিটিতে। অবশ্য মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষিত হয়নি।

স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভ সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন হিন্দি কনটেন্টের তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় রয়েছে ‘পূজা মেরি জান’। এছাড়া ঘোষিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলির জীবনভিত্তিক ‘কাম্বলি’, ‘দ্য স্ক্যাম: লিকড’, ‘কফি কিং’, আর. মাধবন সঞ্চালিত ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’ ও জনপ্রিয় ‘জি হরর শো’-র প্রত্যাবর্তন। পাশাপাশি ‘রংবাজ’, ‘জানাওয়ার’ ও ‘বাকাইতি’ নতুন মৌসুম নিয়ে ফিরছে।

ম্রুণাল ঠাকুর ও হুমা কুরেশি অভিনীত পূজা মেরি জানের শুটিং শেষ হয়েছিল ২০২২ সালের আগস্টে। কিন্তু এরপর দীর্ঘ সময় সিনেমাটির মুক্তি নিয়ে কোনো নতুন তথ্য প্রকাশ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির পরিচালক নবজোত গুলাটি জানান, দীনেশ বিজানের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস সিনেমাটির জন্য আরো বেশি মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রত্যাশা করছে। তাই বর্তমানে বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্ম যে দামে সিনেমাটি কিনতে আগ্রহ দেখাচ্ছে, সে দামে বিক্রি করতে প্রযোজনা সংস্থা রাজি নয়।

প্রথমে পূজা মেরি জানের মুক্তি জিওসিনেমায় হওয়ার কথা ছিল। কিন্তু জিওসিনেমা ও ডিজনি প্লাস হটস্টারের একীভূত হওয়ার পর প্রযোজকদের সিনেমাটির জন্য নতুন প্লাটফর্ম খুঁজতে হয়, যা এর বিতরণ পরিকল্পনাকে আরো জটিল করে তোলে। ২০২৪ সালের শেষ দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথাও ভাবা হয়েছিল। তবে বড় বাজেটের কয়েকটি সিনেমাকে অগ্রাধিকার দিতে সেটি পিছিয়ে ২০২৫ সালে নেয়া হয়।

সূত্র: ইয়ন