জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ফারিয়া শাহরিন। চরিত্রটির মাধ্যমে তিনি দেশ-বিদেশে নানা সম্মানও পেয়েছেন। সিরিয়ালটির পঞ্চম সিজন প্রচারে এলেও এতোদিন স্ক্রিনে পাওয়া যায়নি অন্তরাকে!
অবশেষে চ্যাপ্টার সিক্সে এন্ট্রি হলো তার। দুই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরতে পেরে ফারিয়া শাহরিন দারুণ উচ্ছ্বসিত। জানালেন, তার দুই বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।
ফারিয়া শাহরিন বলেন, ‘প্রায় দুই বছর আমি ব্যাচেলর পয়েন্টের জন্য অপেক্ষা করেছি। এ সিরিয়ালের অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। অনেক অপেক্ষার পর অবশেষে চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখতে পেয়ে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে, কারণ আমি অনেক পরে এন্ট্রি নিয়েছি।’
দর্শকও দুই বছর ধরে ফারিয়াকে দেখতে অস্থির ছিল। তিনি জানান, এতদিন কমেন্ট বক্সে ‘কেন দেখা যাচ্ছে না সিজন ৬-এ?’ এ প্রশ্ন নিয়ে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ‘অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিলাম।’
ফারিয়া শাহরিন আরো বলেন, ‘আমি কাজটা ভালোবেসে করি, টাকার জন্য না। এজন্য ১০০ কাজের চেয়ে ব্যাচেলর পয়েন্টের মতো একটি কোয়ালিটি কাজ যথেষ্ট।’
এর আগে সিরিয়ালের নিয়মিত দর্শকের কাছে শুভ ওরফে মিশুর সঙ্গে অন্তরার প্রেমের খুনসুটি বেশ জনপ্রিয় ছিল। ফারিয়া বলেন, ‘শুভ ছাড়াও অন্তরা যে টিকে থাকতে পারে, সেটাই হয়তো এবার দেখানো হবে। কার সঙ্গে পেয়ার হবে সেটা বলা যাচ্ছে না। তবে এবার নিজের পরিচয় নিয়ে অন্তরা একেবারে অন্যভাবে আসছে।’










