সাম্প্রতিক সময়ে নাটকে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তানজিন তিশা। একের পর এক কাজের মাধ্যমে তিনি দর্শকের কাছে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন। ব্যস্ততা বেড়ে গেলেও সবসময়ই গল্পনির্ভর কাজে অভিনয় করেন। সে ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন নতুন একটি নাটকে। নাম ফান্দা।
নাটকটিতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার। সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকের টিজার। এতে দেখা যায় এক ভয়ংকর দৃশ্য, অন্ধকারের মাঝে মানুষের মাথার খুলির ওপর মোমবাতি জ্বালাচ্ছেন খায়রুল বাসার। আকাশে মেঘ জমে আছে, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ খুলির ভেতর থেকে ভেসে আসে আওয়াজ, ‘কিরে খুলি, নিবি না?’ সেই আওয়াজ শুনেই আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালান তিনি। দৃশ্যটি এরই মধ্যে দর্শকের মধ্যে কৌতূহল জাগিয়েছে। এ নাটকে খলিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।
নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। তবে কিছু চরিত্র থাকে, যা হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। ‘‘খলিল’’ ঠিক তেমনই একটি চরিত্র। এটি করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’ নাটকে এক ডাকাত বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তিশার ভাষায়, ‘দর্শক নিজেরাই চরিত্রটি দেখে অনুভব করবেন। আমি শুধু বলতে চাই, এ চরিত্রের ভিন্নতা তাদের ভালো লাগবে।’ রহস্যময় এ গল্পনির্ভর নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ। নাটকের নাম ফান্দা এসেছে ফাঁদ শব্দ থেকে। গ্রামীণ জীবনের নানা রহস্য, ভয় ও প্রতারণার জালে আটকে যাওয়ার ঘটনাই এর মূল বিষয়বস্তু। পরিচালক জানিয়েছেন, এটি কেবল একটি গল্প নয়, বরং মানুষের ভেতরের ভীতি ও দ্বন্দ্ব নিয়েও কথা বলবে। ১১ সেপ্টেম্বর নাটকটি ইউটিউবে মুক্তি পাবে। এ নাটকে তানজিন তিশা ও খায়রুল বাসার ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মী, অ্যালেন টিটুসহ আরো অনেকে।










