ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি অভিনয় করেছেন একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’-এ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত এ নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি।
নাটকটি নিয়ে তিশা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন রকমের কাজ। শুধু যে এটি চয়নিকা চৌধুরীর পরিচালনার দুই যুগ পূর্তি উপলক্ষে নির্মিত তা নয়, বরং গল্প, চরিত্র ও শিল্পীদের কাজকে সেরা রূপে উপস্থাপন করার জন্যই নাটকটি বিশেষ হয়ে উঠেছে। আমরা সবাই চেষ্টা করেছি দর্শককে ভালো কিছু উপহার দিতে।’
অভিনেতা আরশ খানের সঙ্গে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছেন তাসনুভা তিশা। তবে সাম্প্রতিক সময়ে আর তাদের জুটি দেখা যাচ্ছে না। এ বিষয়ে তিশা বলেন, ‘গত এপ্রিল থেকে আরশের সঙ্গে নতুন কোনো কাজ করা হয়নি। তবে তার মানে এই নয় যে আমাদের জুটি ভেঙে গেছে। কাজের ব্যস্ততার কারণে সাময়িক গ্যাপ তৈরি হয়েছে। শিডিউল মিলে গেলে আবারো আমরা একসঙ্গে কাজ করব।’
অভিনয়ে চরিত্র ধরার বিষয়ে তিশা বলেন, ‘আমি চরিত্রকে আগে নিজের মতো কল্পনা করি, পরে পরিচালকের সঙ্গে আলোচনা করি। বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের ভাবনা মিলে যায়। কোথাও থেকে অভিনয় শেখা হয়নি, তবে পরিচালকদের নির্দেশনা আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
ধারাবাহিকে কাজ নিয়ে অনীহা থাকলেও তিশার দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলেন, ‘অনেকে একই গল্পে দীর্ঘদিন থাকতে চান না। তবে আমার আপত্তি নেই। এখন হাতে কাজও কম, তাই নতুন কিছু ধারাবাহিক নিয়ে ভাবছি।’
বর্তমানে বেছে কাজ করার দিকেই মনোযোগী তিনি। তিশা বলেন, ‘একসঙ্গে অনেক প্রস্তাব এলেও বেশির ভাগ গল্প মানসম্মত হয় না। তাই হাতে কাজ কম হলেও সময় নিয়ে ভালো কাজ করতে চাই।’










